ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সারাবিশ্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা নিজের পিতৃভূমিতে থেকেও আজ নিরাপদ নয়। একথা এখন দিনের আলোর মত পরিষ্কার যে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় এসব মন্তব্য করেন তিনি।
নগর সভাপতি আরো বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিম বিধ্বংসী খেলায় মেতে উঠেছে। রক্তপিপাসু নরেন্দ্র মোদীর নেতাকর্মীরা ভারতের বিভিন্নপ্রান্তে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। মনে হয় তাদের একমাত্র এজেন্ডা মুসলমান ধ্বংস করা। পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মসজিদের মত পবিত্র স্থানকে রণাঙ্গনে রূপ দিয়েছে মুসলিম বিদ্বেষী বিজেপি।
তিনি বলেন, মানবতাবিধ্বংসী বিজেপির এসব কর্মকাণ্ড বন্ধের জাতিসংঘের কার্যকরী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিমবিশ্বের নেতাদেরকে এসব ঘৃণিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদির শাস্তি দাবি করতে হবে। ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করার বাস্তবিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।
এএস