ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে জনগণের সমস্যার সমাধান করা। জনগণ নাগরিক সুবিধা পাওয়ার আশায় ট্যাক্স দেয়। কিন্তু গ্যাসের বিল পরিশোধ করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। মাস শেষে বিলের বোঝা নগরজীবনকে অতিষ্ঠ করে তুলছে। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই ও রাহাজানির মতো সমস্যার কারণে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, যারা প্রশাসকের দায়িত্বে আছেন, তাদের কাজকর্মে নাগরিকের প্রতি দায়বদ্ধতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। দায়বদ্ধতার জায়গা থেকে জনগণকে সাবলীল জীবনযাপনের সুযোগ দিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।
নগর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ বঞ্চিতের তালিকায় শীর্ষে অবস্থান করছে। স্বাধীনতার পঞ্চাশ বছরেও নগরকে নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা লক্ষ্য করা যায়নি।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে এসেছে। জনগণ তাদের ওপর আস্থা রাখলে ঢাকা মহানগরকে একটি স্মার্ট নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, আলহাজ বেলাল হোসেন আরিফ, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সহ-দফতর সম্পাদক বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, সাইফুর রহমান, আরিয়ান মো. ইমন প্রমুখ।