এতিমদের সম্মানে ইফতারে জামায়াত আমির
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে ন্যায়-ইনসাফ ও মানবিক সমাজ গঠনের পথে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এ সহযোগিতা নেয়ার দায়িত্ব আপনাদের। কিন্তু এর বিপরীত কিছু হলে আমরা যেন ১৮ কোটি মানুষের পক্ষে এবং আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি-সেই দোয়া করি। আমাদের রাজনীতি মানবতার জন্য।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১৩ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় এলাকা আয়োজিত এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা (সরকার) শুধরিয়ে নিলে আন্তরিকভাবে দোয়া করবো। সব ভাল কাজে সহযোগিতা করবো। তা না করলে সংসদে ও বাইরে যেখানে প্রয়োজন প্রতিরোধ গড়ে তুলব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল সবাই মিলেই দেশের জন্য কাজ করবো। এক্ষেত্রে প্রধান দায়িত্ব সরকারি দলের।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে নতুন সরকারকে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এ সম্মান করলে আপনারা সম্মানিত হবেন। আর এই পথে না হাঁটলে দেশ ও আপনাদের ক্ষতি হবে।
তিনি বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে আল্লাহর একজন বান্দাও যেন জুলুমের শিকার না হন। এটা করা হলে ইতিহাসকে অগ্রাহ্য, অশ্রদ্ধা করার শামিল হবে। আমরা আশা করবো-সরকার আল্লাহর সন্তোষজনক কাজ করবে এবং অসন্তোষজক কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার চেষ্টা করবে।
এ সময় একটি টেলিভিশন থেকে চার সাংবাদিককে চাকরিচ্যুতির বিষয়ে মন্তব্য জানতে চাইলে জামায়াত আমির বলেন, এটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন, তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ-এখান থেকে ফিরে আসুন। যারা যেখানে ছিল, পুনর্বহাল করুন। তা না করলে আপনারাই একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা কায়েম করার জন্য এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। একাজ যারাই করবেন, আমরা তাদেরকে সমর্থন করবো না, আমরা এই কাজের নিন্দা জানাই।
তিনি বলেন, এখন থেকে কোন সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের ওপরও যেন সেই আঘাত না আসে। যদি আসে, তাহলে আমরা এদেশের জনগণকে নিয়ে অবশ্যই প্রতিবাদ করবো, প্রতিরোধ গড়ে তুলবো। এটা আমরা কোন অবস্থায়ই মানবো না। আমাদের অঙ্গীকার ছিল-স্বাধীন বিচারব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম। এদুটোকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মেজর (অব.) আখতারুজ্জামান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।