ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছেন লিটন দাস। সেই ব্যর্থতা টেনে এনেছেন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। টানা ব্যর্থতার পর লিটনের পারফরম্যান্স নিয়ে কথা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধের দুই শহীদ ক্রিকেটার জুয়েল ও মুশতাকের নামে দুই একাদশে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন সাবেক ক্রিকেটাররা। যেখানে এবার জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে লিটন দাস ও তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক বলেন, 'লিটনের ব্যাটিং নিয়ে, তার আউট হওয়ার ধরন নিয়ে আমরা কনসার্ন। যেহেতু সিরিজ চলছে এবং সে অধিনায়ক, তাই মন্তব্য না করি। তবে যদি কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে বিশ্রাম দেবে, তাহলে সেটি তখন দেখা যাবে। দুটো ম্যাচ এখনও আছে।'
সেন্ট ভিনসেন্টে জয়ের দিন কিপিংয়ে দেশের হয়ে ডিসমিসালের রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের শিকার হন লিটন। লিটনের বর্তমান পারফরম্যান্স নিয়ে লিপু আরও বলেন, ‘অধিনায়ক নির্বাচনে আমাদের মতামত নেওয়া হয় না। আমাদের কাজ দল নির্বাচন করা। কিছু প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। যেমন সাকিব। তবে তামিম অ্যাভেলাবেল কিনা তা জানতে হবে। তামিম রান করছে, খেলছে, এটা দারুণ।’
এদিকে অনেকেদিন ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। সম্প্রতি জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ফিরেছেন ক্রিকেট মাঠে। খেলছেনও দারুণ। তামিমের ভবিষ্যৎ নির্ধারণে তার সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন লিপু, ‘নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে তামিমকে নিয়ে। আমরা তামিমের সঙ্গে আলাপ করবো। বোর্ড নির্বাচক কিংবা তামিম বসে। তবে তামিমকে ফিটনেস প্রমাণ দিতে হবে। তবে এসব বাধা হবে না বলেই বিশ্বাস আমাদের।’