হোম > খেলা

ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জোকোভিচ, জয়রথে ছুটছেন সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক

নোভাক জোকোভিচ ও আরিনা সাবালেঙ্কা

একের পর এক টাইব্রেকার জিতে চলেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকাকে যেন কেউ থামাতেই পারছেন না। টাইব্রেকারে টানা ১৮ জয় তুলে নিয়ে রেকর্ডটা আরো একটু বাড়িয়ে নিলেন ইউএস ওপেনের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কানাডিয়ান প্রতিপক্ষ লেলাহ ফার্নান্দেজকে হারিয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টটির শেষ ১৬ পর্বে।

শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৬-২ ও ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন ২০২১ আসরের রানারআপ ফার্নান্দেজকে। শুক্রবার রাতে পাওয়া দাপুটে এ জয় দিয়ে ফ্ল্যাশিং মিডোতে শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন এই ‘টাইব্রেকারের রানি’। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামস সবশেষ নিউ ইয়র্কের এই আসরে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিলেন। মার্কিন এই কিংবদন্তির পর ২৭ বছরের সাবালেঙ্কা প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

ফার্নান্দেজের বিপক্ষে দ্বিতীয় সেটটা টাইব্রেকারে জিতেছেন সাবালেঙ্কা। কীভাবে সাফল্য আসে টাইব্রেকারে-সে রহস্য ফাঁস করে এই টেনিস সুপারস্টার বলেন, ‘যখনই টাইব্রেক খেলি, তখন নিজেকে বোঝানোর চেষ্টা করি, সন্দেহ নিয়ে খেলার কোনো সময় নেই। আমি কেবল আমার শটগুলো খেলে যাই। শুধু নিজেকে স্মরণ করিয়ে দিই নিজের খেলায় আস্থা রাখতে হবে। আমার অনুভূতিটাও হয় দারুণ। নিজের গেম প্ল্যান অটুট রাখি। চেষ্টা করি আক্রমণাত্মক থাকতে। যতটা পারি নিজের প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে যাই।’

সাবালেঙ্কার মতো বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচও। ২৪ মেজর ট্রফির মালিক হৃদয় ভেঙেছেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরির। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে সমতায় ফিরেছিলেন নরি। কিন্তু লাভ হয়নি। পিঠের নিচের অংশের ইনজুরি সামলে ঘুরে দাঁড়িয়ে এ সার্বিয়ান মেগাস্টার জেতেন ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২ ও ৬-৩ গেমে। হার্ডকোর্টের মেজর টুর্নামেন্টে জোকোভিচ জিতলেন ১৯২তম ম্যাচ। এ জয়ে পেছনে ফেললেন সুইস লিজেন্ড রজার ফেদেরারকে। এ নিয়ে ৩৮ বছরের জোকোভিচের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবগুলোতেই ধরাশায়ী হলেন নরি।

মেয়েদের এককে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশ তারকা ৬-১ ও ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে। তবে আসর থেকে বিদায় নিয়েছেন জেসমিন পাওলিনি। ইতালির এই খেলোয়াড় ৬-৭ (৪-৭) ও ৬-১ গেমে হার মেনেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভার কাছে।

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি