‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগান সামনে রেখে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা ও সংবর্ধনা দিচ্ছে সরকার। আগামী ৩০ মার্চ প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ১২৯ ক্রীড়াবিদ সম্মাননা ও সংবর্ধনা পাচ্ছেন। আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে খেলাধূলার উন্নয়নের যে পরিকল্পনার কথা জানিয়েছিল, তা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ক্রীড়াবিদদের সম্মানিত করছে সরকার। প্রাথমিক ভাবে ১২৯ ক্রীড়াবিদকে সংবর্ধনা-সম্মাননা দেওয়া হলেও আগামী ১ এপ্রিল থেকে ৫০০ জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবেন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রাথমিক তালিকায় থাকা ক্রীড়াবিদদের মধ্যে সদ্য এশিয়া আর্চারিতে স্বর্ণ পদক জয়ী কম্পাউন্ড পুরুষ দল, ফুটসাল নারী দল, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সুইমিং, ভারোত্তোলন, উশু, অ্যাথলেট (প্যারা), হুইল চেয়ার বাস্কেটবল, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, ব্রিজ, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টনের খেলোয়াড়রা রয়েছেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স যাছাই-বাছাই শেষে ১২৯ ক্রীড়াবিদকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে ৫০০ জনের খেলোয়াড় কোটা পূরণ করতে বাকিদের যাছাই-বাছাই শেষে তালিকায় অর্ন্তভুক্ত করা হবে। বেতন কাঠামোর আওতায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স চার মাস অন্তর অন্তর মূল্যায়ণ করা হবে। পারফরম্যান্স ভালো করতে না পারলে তালিকায় থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবেন বেতন কাঠামোর আওতায় আসা খেলোয়াড়রা।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। তারা স্কুল পর্যায়ে খেলাধুলার তদারকি করবেন।
এদিকে, এপ্রিলের শেষ দিকে নতুন কুঁড়ি স্পোর্টস চালুর পরিকল্পনার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তাছাড়া খেলার মাঠ সংকট দূর করতে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। খেলাকে পেশায় রুপ দিতেই সর্বোচ্চ চেষ্টা করছে ক্রীড়া মন্ত্রণালয়।