শেষ হয়েও হইলো না শেষ! কথাটা যেন ঠিক প্রযোজ্য হচ্ছে বিসিবি নির্বাচনকে ঘিরে। ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকদের একাংশ নির্বাচন বয়কট করেছেন। বয়কট করা সংগঠকদের এবার দেখা যাবে না বিসিবির স্ট্যান্ডিং কমিটিতেও। বিসিবির গঠনতন্ত্রের ১৬ (গ) অনুযায়ী স্ট্যান্ডিং কমিটিগুলো সাধারণত পাঁচ সদস্য বিশিষ্ট হয়। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবেন একজন নির্বাচিত পরিচালক। বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের মধ্য থেকে স্ট্যান্ডিং কমিটিতে আরো চারজনকে দায়িত্ব দেওয়া যাবে। বিশেষ অনুমতিক্রমে একজনকে বিসিবির বাইরে থেকেও আনা যাবে। নির্বাচনের পর প্রথম বোর্ডসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছে বিসিবি। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ কমিটি করা।
বিসিবির অধীনে থাকা স্ট্যান্ডিং কমিটিগুলো দিন কয়েকের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। নির্বাচন বয়কটকারীরা এই পূর্ণাঙ্গ কমিটিতে থাকছেন না। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন, নির্বাচন বয়কট করা একাধিক সংগঠক। তারা জানিয়েছেন, নির্বাচনকে তারা অবৈধ বলে ধরে নিয়েছেন। ফলে স্ট্যান্ডিং কমিটিতে তারা থাকতে চান না। অন্যদিকে, বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, নির্বাচন বয়কট করা সংগঠকদের প্রস্তাব দেওয়া হবে স্ট্যান্ডিং কমিটিতে কাজ করার জন্য। যদি তারা সেই দায়িত্ব নিতে অনাগ্রহী হয়, তাহলে অন্য কাউন্সিলরদের দিয়ে পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি করা হবে।
এবারের নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়া ইফতেখার রহমান মিঠু আমার দেশকে বলেন, ‘বোর্ডসভায় সভাপতি জানিয়েছেন, নির্বাচন বয়কট করা সংগঠকরা কাজ করতে চাইলে স্বাগত জানানো হবে। তাদের আমরা প্রথমে প্রস্তাব দেব কাজ করার জন্য। তারা কাজ করতে যদি আগ্রহী হয় তাহলে তাদের দায়িত্ব দেওয়া হবে।’ তারা দায়িত্ব নিতে রাজি না হলে বাকি কাউন্সিলরদের নিয়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করা কঠিন হবে কি না সেই প্রশ্নের জবাবে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘না। কোনো ধরনের সমস্যাই হবে না। যথেষ্ট সংখ্যক কাউন্সিলর আছে। ফলে দায়িত্ব দিতে কাউন্সিলর সংকট হওয়ার সুযোগ নেই। এছাড়া বাইরে থেকে একজন করে ব্যক্তিকে স্ট্যান্ডিং কমিটিতে নেওয়ার সুযোগ আছে। ফলে তারা না থাকলে কাউন্সিলর সংকট হওয়ার সুযোগ নেই।’
তবে বাইরে থেকে লোক এনে স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব দেওয়ার আগে নির্বাচন বয়কটকারী সংগঠকদের মধ্যে যোগ্যদের খুঁজে নিতে চান তারা। শেষ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টা চলবে বলেও জানান তিনি। বিসিবির পক্ষ থেকে দায়িত্ব দেওয়ার জন্য তাদের সঙ্গে চেষ্টা করা হচ্ছে বলে জানালেও, নির্বাচন বয়কটকারী বেশ কয়েকজন কাউন্সিলর জানান, তাদের সঙ্গে বিসিবি এখন পর্যন্ত যোগাযোগ করেনি।