হোম > খেলা

মেট্রোপলিটানোয় বার্সার দুঃস্বপ্ন, চার গোলে উড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নবা

স্পোর্টস ডেস্ক

বল দখল, পাসিং আর আক্রমণের পরিসংখ্যানে এগিয়েও জালে বল জড়াতে পারল না বার্সেলোনা। উল্টো নিজেদের ভুল আর প্রতিপক্ষের নিখুঁত ফিনিশিংয়ে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলের বড় হার মানতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল।

মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করে দিয়েগো সিমিওনের দল। তৃতীয় মিনিটেই জুলিয়ানো সিমিওনে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের বাধায় ব্যর্থ হন। কয়েক মিনিট পরই আসে মোড় ঘোরানো মুহূর্ত। গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ভুলে আত্মঘাতী গোল করেন এরিক গার্সিয়া। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা।

১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আঁতোয়ান গ্রিজম্যান। নাহুয়েল মোলিনার পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। বার্সেলোনা পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি। ফারমিন লোপেজের ভলি ক্রসবারে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের শেষভাগে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় কাতালানদের। আদেমোলা লুকমান নিচু শটে তৃতীয় গোলটি করেন। যোগ করা সময়ে লুকমানের বাড়ানো বল থেকে চতুর্থ গোল আদায় করেন হুলিয়ান আলভারেজ। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। পাউ কুবারসি একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফেররান তোরেসের হেড অল্পের জন্য বাইরে যায়। ৮৫ মিনিটে কড়া ফাউল করে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। দশজনের দলে পরিণত হয়ে ম্যাচে ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

গত মৌসুমে একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। তবে এবার সমীকরণ কঠিন। ৩ মার্চ নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে চার গোলের ঘাটতি পুষিয়ে নিতে হবে তাদের।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাতালানদের দরকার এক স্মরণীয় প্রত্যাবর্তন। আর অ্যাতলেটিকো মাদ্রিদ এখন অপেক্ষায় সেই স্বপ্নপূরণের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন হৃদয়ের

হৃদয়ের ‘হৃদয় জুড়ানো’ ডাবল সেঞ্চুরি

হৃদয়ের ম্যাজিক্যাল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

হৃদয়ের সেঞ্চুরি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

এবার বাংলাদেশের সামনে শ্রীলংকা চ্যালেঞ্জ

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা