ভারতের মাটিতে বসতে যাচ্ছে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির পরবর্তী আসর। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পাঞ্জাবের জালন্ধর ও মোহালিতে হতে যাওয়া এই বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান হকি দলের কোনো আইনি বা কূটনৈতিক বাধা নেই। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
কেন্দ্রীয় সরকারের ক্রীড়া নীতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে বিধিনিষেধ থাকলেও অলিম্পিক সনদ অনুযায়ী বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো বাধা নেই। ফলে পাকিস্তান দল ভারতে সফর করবে এবং এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নেবে— ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া। শেষ মুহূর্তে কোনো দল নাম প্রত্যাহার করে নিলে বিকল্প (রিজার্ভ) দল হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ ও ওমানকে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও লিগ পর্বের ম্যাচগুলো হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। সেমিফাইনাল (৪ নভেম্বর) ও ফাইনাল ম্যাচ (৫ নভেম্বর) হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। আগামী ১ নভেম্বর ‘পাঞ্জাব দিবস’-এ জালন্ধরে হবে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় লড়াই।
প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য পাঞ্জাব সরকার ২৫.৪০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে এবং স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন নিশ্চিত করছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী প্রতিটি ম্যাচের জন্য দর্শকদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন।
ভারত এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন (২০২৩ ও ২০২৪ সালের শিরোপাজয়ী)। ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ও হকি ইন্ডিয়ার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বহুজাতিক এই আসরটি ক্রীড়াসুলভ আবহেই হবে।