নানান নাটকীয়তা পাশ কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি দেখা হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এরই মধ্যে ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জিইও টিভির প্রতিবেদন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। ম্যাচ শুরু হবে ৭টায়। খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃষ্টি হলে আইসিসির টি-টোয়েন্টি নিয়ম কার্যকর হবে। তাতে ফল নির্ধারণ করতে হলে দুদলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। ম্যাচে ওভার কাটা গেলে ডিএলএস পদ্ধতিতে ফল নির্ধারণ হবে। গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে নেই। ম্যাচ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলে দুদল পয়েন্ট ভাগাভাগি করবে।
এর আগে দুদলের বিশ্বকাপে দেখা হওয়া নিয়েই ছিল শঙ্কা। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতির প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসি প্রতিনিধিদলের বৈঠকের পর ৯ ফেব্রুয়ারি সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। ফলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটে।