ঠিক যাকে বলে ধংসযজ্ঞ, সেটাই করে দেখিয়েছে অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে। উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ছিল ১৩ রানে ৫ উইকেট! খেলা চলছিল দশম ওভারের। শুরুর এই পাঁচ উইকেটের সবগুলোই একা শিকার করেছেন মিচেল স্টার্ক।
টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং বেছে নেয়। ম্যাকাইয়ের তরতাজা গতিময় উইকেটে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটিং যেন মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়। ম্যাচের প্রথম বলেই ওপেনার সাদমান আউট। নিজের দ্বিতীয় ওভারে প্রথম বলে ফের স্টার্কের স্ট্রাইক! এবার গেলেন আরেক ওপেনার তানজিদ তামিম। তিনিও শূন্য রানে বিদায় নিলেন। পরের বলেই নাজমুল হোসেন শান্ত এলবিডব্লু। রিভিউ নিয়েও রক্ষা হলো না তার। শুরুর তিন ব্যাটারেরর তিনজনই আউট শূন্য রানে। মুমিনুল ও মুশফিক- দলের সবচেয়ে দুই সিনিয়র চেষ্টা করলেন সেই ড্যামেজ নিয়ন্ত্রনের। পারল না এই জুটিও। মুমিনুলকে ক্যাচ তুলে ফিরলেন। ১০ রানে নেই বাংলাদেশের চার উইকেট। ক্যামেরুন গ্রিন সামনে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা নিলেন। মুমিনুল ৯ রানে আউট। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া লিটন দাসও এলেন এবং গেলেন। স্টার্কের এক্সপ্রেস বলটা লাগল তার পায়ে। আপিল হলো। আম্পায়ার সাড়া দিলেন না। অস্ট্রেলিয়া রিভিউ নিলো। তাতেই সফল। লিটন টানা দ্বিতীয়বারের মতো শূন্য রানে বিদায় নিলেন। বাংলাদেশের স্কোরবোর্ড তখন ধুঁকছে, ১২ রানে হাওয়া শুরুর ৫ উইকেট! ততক্ষনে খেলা হয়েছে মাত্র ৬.৪ ওভারের। নিজের ২২ বলের মধ্যে স্টার্ক তুলে নিলেন ৫ উইকেট! বাংলাদেশের আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই শূন্য রানে বিদায়!
এই ভয়াবহ বিপদ কি এড়াতে পারবে মুশফিক ও মেহেদি মিরাজের জুটি। পেস ও বাউন্সি উইকেটে গতিময় সুইং বোলিং ঝড়ে ভেঙ্গেচুরে একাকার বাংলাদেশের টপ ও মিডলঅর্ডার ব্যাটিং!