অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। গত রোববার ভিক্টোরিয়া সিএ দলকে ৫ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে এইচপি একাদশের বোলারদের তোপে ১৯.১ ওভারে ১৩১ রানেই অলআউট হয় ভিক্টোরিয়া সিএ। দলের হয়ে স্পিনার রুবেল ১৫ রানে ৪টি এবং রাকিবুল হাসান ২৮ রানে ৩টি উইকেট শিকার করেন।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে বাংলাদেশ এইচপি দল। তবে অধিনায়ক ইরফান শুক্কুরের ৩২ বলে ৪৩ রান এবং শামীম হোসেনের ৩৩ বলে অপরাজিত ৫১ রানের দায়িত্বশীল ইনিংসে চড়ে ১৭.২ ওভারেই সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।