টেস্ট সিরিজ শুরুর মাত্র ২ দিন আগেই বদলানো হলো ব্যাটিং কোচ; স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে অনেক। তবে সেসব আলোচনায় আপাতত কান দিচ্ছেন না আপদকালীন ব্যাটিং কোচ, দায়িত্ব বুঝে নিয়েই শিষ্যদের অনুশীলনে মনোযোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে গতকাল মিরউর শের-ই বাংলার একাডেমি মাঠে শিষ্যদের অনুশীলন করিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। এদিন নতুন করে অনুশীলনে যোগ দিয়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়।
রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক মুমিনুল হক এবং সাদমান ইসলাম।
দলের একাধিক ব্যাটসম্যান। অনুশীলনে লিটনের ব্যাটিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সালাহউদ্দিন। পাশাপাশি জাকের আলী অনিকের ব্যাটিং নিয়েও আলাদাভাবে কাজ করতে দেখা যায় তাকে।
তবে এদিন বাড়তি নজর ছিল লিটন দাসের দিকে। ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে খেলতে না পারা এই ব্যাটার এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। হাশিখুশি মেজাজ নিয়ে নেটে ব্যাটিং করেছেন লম্বা সময়।
ব্যাটারদের প্রস্তুতির পাশাপাশি বোলারদের নিয়েও কাজ করেছে কোচিং প্যানেল। অনুশীলনে উপস্থিত ছিলেন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের স্পিনে চাপে ফেলতে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সঙ্গে কাজ করেছেন মুশতাক। বাঁহাতে খানিকটা স্পিন বল করেছেন মুমিনুল হকও।
এদিকে, ত্রিদেশীয় সিরিজে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা আলিস আল ইসলামকে নিয়ে এদিন আলাদাভাবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
বাংলাদেশের অনুশীলন শেষে অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি ব্যাটারদের নিয়ে কাজ করেন ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন সামি।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুদলের প্রথম টেস্ট।