হোম > খেলা > ক্রিকেট

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

স্পোর্টস রিপোর্টার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বাংলাদেশ নারী দলের অধিনায়ক হচ্ছেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সোবহানা মোস্তারি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। তার পরবর্তী অধিনায়ক হিসেবে নাহিদার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। অবশেষে বোর্ডও সেই সিদ্ধান্ত নিল।

নাহিদাকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত সম্পর্কে বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু অনলাইন গণমাধ্যম ক্রিকবাজকে বলেন, 'আমরা নির্বাচক প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বৈঠক করে নাহিদার হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।'

২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন নাহিদা। রফিকুল মনে করেন, দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

তিনি বলেন, 'নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন। আমাদের মনে হয়েছে, আমাদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার এটিই সঠিক সময়।'

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন জ্যোতি।

উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি২০ টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। আগামী ১০ থেকে ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টটি। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নতুন ভেন্যুর নাম এখনও জানা যায়নি।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব

ম্যাকডোনাল্ডের ‘ঝুঁকি’ বনাম পোলকের ‘সম্ভাবনা’