হোম > খেলা > ক্রিকেট

কোন পরিকল্পনার পথে বাংলাদেশ

ঢাকা টেস্ট

স্পোর্টস রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতে চরম হতাশার এক ত্রিদেশীয় সিরিজ পার করে এসেছে বাংলাদেশ। একই সফরে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচেও কাছে গিয়ে জয় হাতছাড়া হয়েছে। হতাশা হজমের খুব একটা সময় অবশ্য পাচ্ছে না বাংলাদেশ। দুদিন পরই তাদের মাঠে নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের সিরিজে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিবেচনায় এ সিরিজের গুরুত্ব পাহাড়সম। তাই ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের সামনে। ঘরের মাঠে সিরিজ হওয়ায় প্রেরণায় অবশ্য ঘাটতি থাকার কথা নয়।

১৮ অক্টোবর বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতি ও শুক্রবার দুদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা।

এদিকে অনুশীলনের শুরুতে পুরো দল না থাকলেও সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেই অনুশীলনে নেমেছেন নাজমুল শান্ত-তাওহিদ হৃদয়রা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মাথায় রেখে ঘরের মাঠের এ সিরিজে দলের কাছে প্রত্যাশা আকাশচুম্বী।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে প্রত্যাশার কথা জানাতে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর আমার দেশকে বলেন, ‘আমাদের দল এক-দেড় বছর ধরে লঙ্গার ভার্সনে ভালো ক্রিকেট খেলছে। এখন আমাদের সামনে একটি বড় সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার, তাই আমরা সেই ধারাবাহিকতাটা চাইব। এ সিরিজ জয়ের যে কোনো বিকল্প নেই, সেটা খেলোয়াড়রাও জানে। সবাই এখানে ভালো খেলার জন্য মুখিয়ে আছে।’

টেস্ট ফরম্যাটে সবশেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ; বাকি পাঁচ ম্যাচের দুটিতে হার এবং তিনটিতে ড্র। এই ১০ ম্যাচের মধ্যে চারটি হয়েছে ঘরের মাটিতে, যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান চারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম। এ সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা নিয়েই কোমর বেঁধেছে বাংলাদেশ।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ তো এখন টেস্টে তেমন ভালো দল নয়। আমাদের টেস্ট দলটি যেভাবে খেলছে এবং ঘরের মাঠে সুবিধা তো আছেই। আশা করি বাংলাদেশ ওদের হোয়াইটওয়াশ করবে। দুদেশের শক্তির পার্থক্য তো এমনটাই নির্দেশ করে। তবুও ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা।’

গত দুবছরে বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম নাহিদ রানা। বিশেষ করে লাল বলে এ সময়টা দুর্দান্ত কেটেছে তার। চোটের কারণে এ সিরিজে নাহিদকে পাচ্ছে না বাংলাদেশ। তবে সেটা খুব একটা প্রভাব ফেলবে না বলে বিশ্বাস আলমগীরের, ‘নাহিদ রানা নেই, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তবে তাকে ছাড়াও আমাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। আমাদের পুরো পেস ইউনিটটাই শক্তিশালী। হাসান, ইবাদত ভালো করছে। নাহিদের ইনজুরিটা গেমেরই অংশ।’

এশিয়ান কন্ডিশনে যেকোনো সিরিজ মানেই আলোচনায় থাকে উইকেট। সঙ্গত কারণেই উইকেটের সুবিধা নিয়ে থাকে হোম টিম। বাংলাদেশে আগে সাধারণত উইকেটের সুবিধা নেওয়ার ক্ষেত্রে স্লো ও স্পিন সহায়ক উইকেট বানাতে দেখা যেত। সম্প্রতি আবার পেস সহায়ক উইকেটও দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কেমন উইকেট হতে পারে, সে প্রশ্নে বিসিবি পরিচালক বলেন, এক থেকে দেড় বছর ধরে যেমন স্পোর্টিং উইকেট বানানো হচ্ছে, সেখান থেকে বোর্ড সরবে না। আমরা চাই ভালো উইকেট হোক, ভালো ক্রিকেট খেলুক। হার-জিত থাকবে। ভালো উইকেট হবে এখানে। কোনো ক্রিকেটার নেই বলে যে উইকেটের ধরন পরিবর্তন করে ফেলা হবেÑসেটা আমার মনে হয় না। আমি চাই আদর্শ উইকেটে খেলা হোক। আমাদের পেস ইউনিট উন্নতি করছে। ভালো উইকেটে খেলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছি। এ ধারা থেকে সরে আসা উচিত হবে না।’

আগামী ২৮ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মিরপুরে। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।

‘বরখাস্ত’ মেনে নিয়েছেন আশরাফুল

শাদাবের রূপকথার সেঞ্চুরিতে নাটকীয় জয় পাকিস্তানের

লিটন-হৃদয়দের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ

নাঈম-মাহফিজুলের ডাবল সেঞ্চুরি

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক জামাল