২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি প্রায় এক বছর। তবে গ্যালারিতে বসে ক্রিকেটের সবচেয়ে বড় আসর দেখার লড়াই এখনই জমে উঠেছে। টিকিট বিক্রির প্রথম ১২ দিনেই ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এক কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্বের ১৪২ দেশ থেকে সব মিলিয়ে ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ অনুরাগী এসব টিকিটের জন্য আবেদন করেছেন। চাহিদার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্য। এছাড়া দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকেও বিশাল সাড়া মিলেছে।
আগামী বছরের ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের জন্য বিনামূল্যে আইসিসির ওয়েবসাইটে আবেদন করা যাবে। আইসিসি জানিয়েছে, প্রতিটি ম্যাচের অতিরিক্ত আবেদনের কারণে লটারির মাধ্যমে টিকিটপ্রার্থীদের নির্বাচন করা হবে এবং জয়ীদের ইমেইলে জানিয়ে দেওয়া হবে।