টি-টোয়েন্টি বিশ্বকাপ
মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর ঝোড়ো ব্যাটিংয়ে আরব আমিরাতের সূচনাটা ছিল দারুণ। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৭ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানে থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস।
মনে হচ্ছিল, বড় পুঁজিতে নিউজিল্যান্ডের সঙ্গে টেক্কা দিতে পারে আমিরাত। এই বড় লক্ষ্যকে মামুলি বানিয়ে জয় তুলে দিয়েছে কিউইরা। আজ দলটির দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন মিলেই নিশ্চিত করে দেন জয়। তাতে আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় ১০ উইকেটের। এবারের আসরে এটিই প্রথম ১০ উইকেটে ম্যাচ জয়ের ঘটনা।
চেন্নাইয়ে আগে ব্যাট করতে নেমে ওয়াসিমের ৪৫ বলে ৬৬ ও আলিশান শারাফুর ৪৭ বলে ৫৫ রানে ভর করে ১৭৩ রানের সংগ্রহ পায় আমিরাত। এছাড়া ১৩ বলে ২১ রান আসে মায়াঙ্ক কুমারের ব্যাটে। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩৭ রানে নেন দুই উইকেট।
জবাবে, মাত্র ১৫.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। সেইফার্ট ৪২ বলে ৮৯ ও অ্যালেন ৫০ বলে করেন ৮৪ রান। ১২ ও ৩ ছক্কায় সেইফার্ট সাজান নিজের ইনিংস। আর অ্যালেন হাঁকান ৫টি করে চার ও ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর
সংযুক্ত আরব আমিরাত : ১৭৩/৬, ২০ ওভার (ওয়াসিম ৬৬, শারাফু ৫৫, হেনরি ২/৩৭)।
নিউজিল্যান্ড : ১৭৫/০, ১৫.২ ওভার (সেইফার্ট ৮৯*, অ্যালেন ৮৪, হায়দার ০/২৭)।
ফল : নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : টিম সেইফার্ট।