থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে স্বাগতিকদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা। দারুণ এই জয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। আজ ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ১০৩ রানে থামে স্বাগতিক থাইল্যান্ডের ইনিংস। জবাবে এক বল হাতে রেখে তিন উইকেট নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা।
আগে ব্যাট করতে নেমে ওপেনার নানথান চানথামের ২৪ ও নান্নাপাত কনকারোয়েনকাইয়ের ৩৪ রানে ভর করে ১০৩ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। এছাড়া অননিচা কামচমফুর ১০ বলে ১৭ ও ফাননিতা মায়ার ব্যাটে আসে আট বলে ১২ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।
১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কখনই সুবিধাজনক অবস্থায় ছিল না বাংলাদেশের মেয়েরা। দলীয় ৫৪ রানের মাথায় চার উইকেট হারিয়ে বসে। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন ওপেনার শামীমা সুলতানা। তিনি ২৯ বলে খেলেন ২৬ রানের ইনিংস। তার বিদায়ের পর আবারও ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
বিধ্বস্ত এই ব্যাটিং লাইন আপকে টেনে তোলার চেষ্টায় ছিলেন লতা মণ্ডল। তিনি ৪০ বলে ৩০ রান করে সামাল দেন প্রাথমিক ধাক্কা। শেষদিকে দলকে চাপের মুখ থেকে টেনে তোলেন ফারজানা ইয়াসমিন। ১৫ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত নিশ্চিত করে তিন উইকেটের জয়।
এ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য থাকবে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা।