হোম > খেলা > ক্রিকেট

ম্যাকডোনাল্ডের ‘ঝুঁকি’ বনাম পোলকের ‘সম্ভাবনা’

দিনের বেলার টেস্টে গোলাপি বল

স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটে প্রকৃতির খামখেয়ালিপনা আর আলোস্বল্পতায় ওভার নষ্ট হওয়া নতুন কোনো ঘটনা নয়। সেই সমস্যা দূর করতে নতুন নিয়মে দুদলের সম্মতিতে দিনের বেলার টেস্টেও গোলাপি বল ব্যবহারের সুযোগ রেখেছে আইসিসি। তবে আলোস্বল্পতায় ম্যাচ বিঘ্নিত হওয়া সত্ত্বেও দিনের টেস্টে গোলাপি বলের ব্যবহার নিয়ে ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে তীব্র দ্বিমত। সাম্প্রতিক ডারবান টেস্টের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলকের বিপরীতমুখী বক্তব্য এই বিতর্ককে উসকে দিয়েছে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতে, কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিনের টেস্টে লাল বলের বদলে গোলাপি বল বেছে নেওয়া বেশ ঝুঁকি তৈরি করে। বলের আচরণ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার এটা পছন্দ নয়। লাল বলের বদলে গোলাপি বল ব্যবহার করাটা আমার কাছে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়। সত্যি বলতে, আমাদের উত্তর না।’

তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ‘বিশেষ করে ফ্লাডলাইটের নিচে বলটি কেমন আচরণ করবে, গোলাপি বল কতটা পুরোনো হলে কী হবে, এসবের অনেক দিক আছে।’ ম্যাকডোনাল্ড স্পষ্ট জানান, অন্য দলগুলো এ বিষয়ে ভাবতেই পারে, তবে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টেস্টে এ ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয়।

অন্যদিকে, খেলার সময় নষ্ট না করাকে অগ্রাধিকার দিয়ে ভিন্ন মতামত পোষণ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার শন পোলক। তিনি মনে করেন, গোলাপি বল নিয়ে অহেতুক ভয় না পেয়ে ক্রিকেট অব্যাহত রাখাই আসল লক্ষ্য হওয়া উচিত। পোলক বলেন, ‘আমি এক মুহূর্তের জন্যও বলছি না যে আমাদের গোলাপি বলে দিনরাতের ম্যাচ খেলা উচিত ছিল। আমি শুধু মনে করি, দিনের ম্যাচটিই গোলাপি বলে খেলা উচিত ছিল।’

গোলাপি বলের ওপর অযথা দোষ চাপানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে পোলক ডারবান টেস্টের উদাহরণ টেনে যোগ করেন, ‘অস্ট্রেলিয়া যখন ৬ উইকেটে ১২৪ রানে ছিল, তখন যদি গোলাপি বলে খেলা হতো, সবাই বলতÑএটা গোলাপি বলের দোষ।’ তিনি জানান, প্রথাগত লাল বলের কারণে যেখানে ঘণ্টার পর ঘণ্টা খেলা বন্ধ থাকে, সেখানে গোলাপি বল ব্যবহার করলে দর্শকরা আরো অন্তত ৪৫ ওভার টেস্ট ক্রিকেট দেখতে পেতেন। ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়ে পোলক বলেন, ‘গোলাপি বল ব্যবহার করতে ভয় পাবেন না।’

ঐতিহ্য রক্ষা বনাম আধুনিক বাস্তবতার এ লড়াইয়ে দিনের টেস্টে গোলাপি বলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, ক্রিকেটবিশ্ব এখন সেটাই দেখার অপেক্ষায়।

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব

আগামীকাল বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

লিটনের বদলি ইমন

টেলর-আরভিনের জুটিতে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

লিটন-হাসানকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৪ বলের ফিফটিতে নিজের রেকর্ড ভেঙে ম্যাকগার্কের নতুন কীর্তি

অতীত ভুলে সামনে তাকাতে চান লিটন, আলিসকে নিয়ে বড় ইঙ্গিত