হোম > খেলা > ক্রিকেট

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রূপকথার এক ম্যাচ যেন উপহার দিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪২৯ রানের পাহাড়ে চড়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইংল্যান্ড। ৮৫৯ রানের ম্যাচে হ্যারি ব্রুকের ডাবল সেঞ্চুরির জবাবে দুরন্ত ব্যাটিং প্রদর্শনীতে শেষের নাটকীয়তায় ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর ও রেকর্ড গড়া জয়টা ধরা দিয়েছে এক বল হাতে রেখেই। এটি ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাটে রূপকথার গল্প লিখে ইংল্যান্ড। মাত্র ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কার সাহায্যে ২০২ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ইংলিশ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন ব্রুক।

এছাড়া টম ব্যান্টন (৫০), জো রুট (৬৯) এবং উইল জ্যাকস (৬৬*) ঝড়ো ফিফটির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২৯ রান। জো রুট এই ইনিংসে তার ওয়ানডে ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেন। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে।

জবাবে ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে সেই চাপ পেছনে ফেলে ইতিহাস গড়ার পথে নেতৃত্ব দেন পবন রত্নায়েকে। মাত্র ১০৬ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৩০ রানের অনবদ্য এক ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি।

তাকে দারুণ সঙ্গ দেন অভিশকা ফার্নান্দো (৮৩ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৭) ও শেষ দিকে ঝড়ো ব্যাটিং করা দাসুন শানাকা (৫০ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৯৭ রান)। দুজনেই তিন রানের জন্য জাদুকরী তিন অঙ্ক মিস করেন। ওভারে জয়ের জন্য নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলেও জানিথ লিয়ানাগের অপরাজিত ৬১ রানের (মাত্র ২৭ বলে) কল্যাণে ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের জার্সিতে জশ টং ৩ এবং স্যাম কারান ২ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৪২৯/৪, ৫০ ওভার (ব্রুক ২০২, রুট ৬৯, জ্যাকস ৬৬*, ব্যান্টন ৫০; ওয়েল্লালাগে ২/৫৬)।

শ্রীলঙ্কা: ৪৩০/৮, ৪৯.৫ ওভার (পবন ১৩০, অভিশকা ৯৭, শানাকা ৯৭, লিয়ানাগে ৬১*; টং ৩/৭৯ ও স্যাম ২/১০৩)।

ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: পবন রত্নায়েকে।

জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

অভিষেক ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথটা আসলে কোথায়?

ছোট পর্দায় ইংল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি

ব্যাটিং ব্যর্থতায় বড় হার, বাংলাদেশের বিদায়

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে

৯৯ রানে অলরাউন্ড হয়ে ফলো-অনে অস্ট্রেলিয়া