পার্থে প্রথম ওয়ানডেতে হারের পর ঘুরে দাঁড়ানোর মঞ্চ খুঁজছিল ইংল্যান্ড। অ্যাডিলেডে সেই জবাব দিল তারা ব্যাটে-বলে। টম বেন্টনের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বল হাতে অস্ট্রেলিয়াকে একেবারে কোণঠাসা করে ফেলল ইংলিশরা। গাস অ্যাটকিনসনের চার উইকেটের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকেরা। ১৩৫ রানের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।
অ্যাডিলেড ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক মিচেল মার্শ। শুরুতে বেন ডাকেটকে হারালেও দ্রুত ছন্দ খুঁজে নেয় ইংলিশরা। দ্বিতীয় উইকেটে জো রুটকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়েন বেন্টন। দুজনের জুটিতে আসে ১৩৭ রান। ৬৮ বলে ৬২ রান করে রুট ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন বেন্টন। হ্যারি ব্রুক দ্রুত বিদায় নিলেও থামানো যায়নি এই ডানহাতি ব্যাটারকে।
মাত্র ৮৬ বলে শতক পূর্ণ করেন বেন্টন। শেষ পর্যন্ত ৯৯ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসটি থামে জেভিয়ার বার্টলেটের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে।
এরপর জর্ডান কক্স ও উইল জ্যাকসের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডকে নিয়ে যায় আরও উঁচুতে। কক্স ৪৯ বলে ৬৭ এবং জ্যাকস ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন। শেষ দিকে স্যাম কারানের ৯ বলে ১৪ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রান জমা হয় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার হয়ে বার্টলেট নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মিচেল মার্শকে ২ রানে ফিরিয়ে ধাক্কা দেন সনি বেকার। এরপর অ্যাটকিনসনের তোপে মাত্র ১৩ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকেরা। ট্রাভিস হেড ৭, কুপার কনোলি শূন্য এবং জশ ইংলিসও দ্রুত ফিরে যান।
সেখান থেকে ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের ৯৮ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল। রেনশ ৬৩ এবং গ্রিন ৬৪ রান করেন। কিন্তু লিয়াম ডসন দুজনকেই ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন। পরে স্যাম কারানের টানা দুই বলে দুই উইকেট অস্ট্রেলিয়ার শেষ আশাটুকুও নিভিয়ে দেয়। ৪৪.৩ ওভারে ২২০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
অ্যাটকিনসন ১০ ওভারে ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ডসন ও কারানের শিকার দুটি করে। ম্যাচসেরা বেন্টন। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ার পর বড় জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। আগামী ১৮ নভেম্বর হোবার্টে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে, সেখানেই নির্ধারিত হবে সিরিজের বিজয়ী।