পাকিস্তানসহ পুরো বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ইমরান খানের মুক্তি এবং কারাগারে যথাযথ চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে আসছেন। সেই দাবিতে বাংলাদেশের পক্ষে সবার আগে আওয়াজ তুললেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ইমরান খানকে নিজের শৈশবের নায়ক উল্লেখ করে তার প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের সাহস, নেতৃত্ব ও ক্রিকেটীয় অর্জনের প্রশংসা করেন তিনি।
পাইলট লিখেছেন, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খান সব সময়ই সত্যিকারের অনুপ্রেরণা। তার সাহস, নেতৃত্ব ও অর্জন সীমান্ত পেরিয়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।’
ইমরানের বর্তমান পরিস্থিতিতে তার যথাযথ চিকিৎসা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাইলট আরও বলেন, ‘বিশ্বমানের একজন ক্রিকেট কিংবদন্তি, যিনি ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তিনি সর্বোচ্চ মানের চিকিৎসা, মর্যাদা ও সহযোগিতা পাওয়ার যোগ্য।’
ইমরান খানের পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত বলেও মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘যে কিংবদন্তি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন, তার পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত।’
সবশেষে ইমরানের শক্তি ও সুস্বাস্থ্য কামনা করে পাইলট বলেন, ‘ইমরান খানের শক্তি, সুস্বাস্থ্য এবং তার প্রাপ্য যথাযথ যত্ন কামনা করছি।’