দীর্ঘদিনের ব্যর্থতা পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে জ্বলে উঠলেন সালমান আলী আগা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান। রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকেরা আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩০৫ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ৪৮.১ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায়।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। দিলশান মাদুশঙ্কার আঘাতে দ্রুত ফিরে যান দুই ওপেনার ফখর জামান (১৬) ও সাইম আইয়ুব (৭)। এরপর বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ ৭৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। বাবর ৪৫ এবং সাদ ৩৯ রান করে ফিরলে চাপে পড়ে পাকিস্তান।
সেই চাপ সামাল দেন আগা। হাসান নেওয়াজের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ এবং আরাফাত মিনহাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তিনি। ৯০ বলে ১০ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন আগা। ওয়ানডেতে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। শ্রীলঙ্কার হয়ে ইশান মালিঙ্গা ৪৬ রানে চারটি এবং আসিথা ফার্নান্দো ৫৯ রানে তিনটি উইকেট নেন।
জবাবে শুরুতে চাপে পড়লেও পাভান রথনায়েকে ও জানিথ লিয়ানাগের ১১৯ রানের পঞ্চম উইকেট জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরায়। রথনায়েকে ৭৯, লিয়ানাগে ৬০ এবং কামিন্দু মেন্ডিস ৪৪ রান করেন। তবে এই জুটি ভাঙার পর মাত্র ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি তিনটি এবং নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন।