হোম > খেলা > ক্রিকেট

অতীত ভুলে সামনে তাকাতে চান লিটন, আলিসকে নিয়ে বড় ইঙ্গিত

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের একটিতেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি দল। জিম্বাবুয়ে সিরিজেও একই সমস্যায় পড়তে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এমন পরিস্থিতিতে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস। পাশাপাশি রহস্যময় স্পিনার আলিস আল ইসলামের ওয়ানডে অভিষেকের সম্ভাবনা নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ শনিবার আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। আসর শুরুর আগে নিজেদের সাম্প্রতিক ব্যর্থতার কথা স্বীকার করলেও অতীতের ফল নিয়ে পড়ে থাকতে চান না লিটন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ৫০ ওভার ব্যাট করতে পারিনি। জিম্বাবুয়ের বিপক্ষেও একই সমস্যা ছিল।’

তবে অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের ফল নির্ধারণ করতে দিতে রাজি নন লিটন। তাঁর মতে, আগের অভিজ্ঞতা প্রস্তুতিতে কাজে লাগলেও নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে দলকে। ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপরই জোর দিয়েছেন তিনি।

লিটনের ভাষায়, ‘অতীতে যা ঘটেছে, তা আমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারে। কিন্তু আমরা শুধু অতীতে খারাপ খেলেছি বলে ভবিষ্যতেও খারাপ খেলব—এমন চিন্তায় আটকে থাকতে পারি না। আমাদের মানসিকতা ইতিবাচক রাখতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে।’

এদিকে আসন্ন সিরিজে আলোচনায় রয়েছেন আলিস আল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই স্পিনার। লিটনের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জিম্বাবুয়ে সিরিজেই ওয়ানডেতে অভিষেক হতে পারে তাঁর।

আলিসের সামর্থ্যের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আলিস বেশ ভালো করছে। বিশেষ করে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। আমার মনে হয়, তাকে দলে রাখার এটাই সঠিক সময়। সে যদি দলের সঙ্গে থেকে অবদান রাখতে পারে, তাহলে বাংলাদেশ দল উপকৃত হবে।’

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল আলিসের। এর আগে জাতীয় দলে ডাক পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি তিনি। এবার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাঁকে ওয়ানডে দলে জায়গা করে দিয়েছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন আলিস। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা আন্তর্জাতিক ক্রিকেটেও দেখানোর সুযোগ এখন তাঁর সামনে।

একদিকে ব্যাটিংয়ের পুরোনো দুর্বলতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ, অন্যদিকে আলিসের মতো নতুন মুখকে কাজে লাগানোর সম্ভাবনা—দুই বিষয় সামনে রেখেই ত্রিদেশীয় সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। লিটনের লক্ষ্য, অতীতের ব্যর্থতা পেছনে ফেলে ইতিবাচক ক্রিকেট খেলা।

মরুর বুকে এবার ভিন্ন পরীক্ষা বাংলাদেশের

ছোট পর্দায় থাকছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে

ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

অস্ট্রেলিয়ায় গেলেন নাহিদ

আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরু কাল, মাঠে নামছে বাংলাদেশ

'বাজে আম্পায়ারিংয়ে' ম্লান সাদিয়ার লড়াই

লড়াই করে হারল বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ফিরতে চান জাহানারা

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার