নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং অর্ডারে বদল এলেও চেষ্টা করেছেন দলকে রান এনে দেওয়ার। কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ। হৃদয়ের লক্ষ্য এখন ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দটা ধরে রাখা। হৃদয় এবার খেলবেন মোহামেডানের জার্সি গায়ে। তবে গতকাল রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আরো উন্নতি করার চেষ্টা চালিয়ে যাবেন।
মিরপুরে হৃদয় বললেন, নতুন কিছু শেখার জন্য এখনো চেষ্টা করেন তিনি, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে। আপনারা-আমরা সবাই প্রত্যেক দিন চেষ্টা করি কিছু না কিছু শেখার জন্য। আমরা সবাই চেষ্টা করছি, আমিও করছি। ঠিক বা উন্নতি করার যেসব জায়গা আছে, সেখানে চেষ্টা করছি।’
ঘরোয়া ক্রিকেটে নতুন মিশনে কোনো চাপ অনুভব করছেন না হৃদয়। চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে চান, ‘চাপের কিছু নেই। সব জায়গাতেই অবশ্য চাপ থাকে। কিন্তু চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, কতটুকু টিমকে দেবেন বা নিজে কতটুকু পারফর্ম করবেন- সেটাই প্লেয়ার হিসেবে আপনার চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জটুকু নিতেই হবে।’
ক্রিকেট নিয়ে কী ক্রীড়াপ্রেমীদের আগ্রহ দিন দিন কমছে? উত্তরে হৃদয় বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘সবকিছু আলহামদুলিল্লাহ, রিজিকের ওপরে। যার রিজিকে যেটা থাকে। কিন্তু আগে যে ক্রেজটা ছিল, এখন আমার মনে হয় ক্রেজটা ক্রিকেটে একটু হলেও কমেছে; জানি না আমি ভুলও হতে পারি। এখন কমার পেছনে হয়তোবা আমাদেরই দায় আছে যে, আমরা টিম হিসেবে ভালো করতে পারছি না।’
সব প্রতিকূলতা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তাতে দূর হচ্ছে ক্রিকেটারদের সব অস্বস্তি। এ নিয়ে হৃদয়ের ভাষ্য, ‘প্রত্যেক ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল। আপনি যদি দেখেন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।’
টুর্নামেন্টটি যে খেলোয়াড়দের রুটি-রুজির বিষয়। হৃদয় সেটা আবারও মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় অনেক প্লেয়ার আছে, যাদের ওই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি। আর এ টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সেক্ষেত্রে প্লেয়ারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না।
এবারের আসরে নিজের দল মোহামেডানের সম্ভাবনা নিয়ে হৃদয় বলেন, ‘আল্লাহর রহমতে আমরা ভালোই দল করেছি। এখন কাগজে-কলমে ভালো দল অনেক আছে, ভালো হয়েছে আমাদের দলটিও। দিন শেষে মাঠে যে দলটি ভালো পারফর্ম করবে, সে দলটিই তাদের জন্য ফলাফলটা আনবে।’