এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু হয়েছে তাদের। গত ম্যাচে হারলেও ম্যাচ থেকে ইতিবাচক কিছুই খুঁজছেন বাংলাদেশ কোচ জেরার্ড জোনস। আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।
উজবেকিস্তান ম্যাচের পর কোচ জোনস বলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী। ভালো একটি পরিকল্পনা নিয়ে পরবর্তী ম্যাচ খেলতে যাব আমরা। ফল ভালো না হলেও দারুণ একটি উজবেকিস্তান দলের বিপক্ষে খেলেছি আমরা। আক্রমণ, পাল্টা আক্রমণ ও টেকটিক্যালি দলটি চমৎকার। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক কিছু নিতে পারি। রক্ষণে আমরা বেশ ভালো শৃঙ্খলা দেখিয়েছি। মিড ব্লক ও লো ব্লকে আমরা কৌশলী খেলেছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।’ জোনস আরো বলেন, ‘আমাদের ফোকাস এখন পরবর্তী ম্যাচের দিকে। ইনশাআল্লাহ আমরা ভালো ফল নিয়ে আসব।’
উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেললেন অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালেক। তিনি বলেন, ‘আমার দেশের জার্সি গায়ে প্রথমবারের মতো খেললাম। আমার এই অভিজ্ঞতাটা দারুণ। আমরা বড় একটি দল, উজবেকিস্তানের বিপক্ষে খেলেছি। আমরা নিজেদের শতভাগ দিয়েছি। আশা করি, পরবর্তী দুই ম্যাচেও কোচ জেরার্ডের পরিকল্পনামাফিক আমরা খেলব। আমরা ভালো ফল করব ইনশাআল্লাহ।’