সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর পর এবার ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদও। ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ার জটিলতার কারণেই এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে শুরুতেই পাচ্ছে না দল।
জাতীয় দলের কোচ টমাস ডুলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে সাফের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না হামজা ও ফারহান। তবে ৯ নভেম্বর তারা দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ। সেক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিফার নিয়ম ও ক্লাবগুলোর সঙ্গে চুক্তির কারণে সময়মতো খেলোয়াড়দের না পাওয়া নিয়ে কোচ টমাস ডুলি বলেন, ‘যে খেলোয়াড় আপনার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে আপনি ছাড়তে চাইবেন না। এমনকি ক্লাব তাকে ছাড়তে বাধ্যও নয়।’
সাফ প্রস্তুতির জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলের মাত্র ২১ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকি প্রবাসী ফুটবলারদের ৩ নভেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পূর্ণ দল না পাওয়ায় এবং খেলোয়াড়দের ফিটনেস ও ইনজুরি শঙ্কা নিয়ে কোচকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
আগামী ৫ নভেম্বর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ছয় দলের এই লড়াই।
গ্রুপ ‘এ’তে খেলবে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা।
আর গ্রুপ ‘বি’বে লড়বে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।
উভয় গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে (১৪ নভেম্বর) উন্নীত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।