এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে আগামীকাল নিজেদের গ্রুপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচের আগে বাংলাদেশের সামনে জটিল সমীকরণ। টুর্নামেন্টের মূল পর্বে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন দল। বাংলাদেশ, আমিরাত ও সিরিয়ার মধ্যে ‘সি’ গ্রুপে সেরা হওয়ার লড়াই জমে উঠেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুটি জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ৭ পয়েন্ট করে অর্জন আমিরাত ও সিরিয়ার। তারাও তিনটি করে ম্যাচ খেলেছে। মূল পর্বে খেলার টিকিট পেতে হলে আজ শুরু আমিরাতকে শুধু হারালেই হবে না, ভুটান ও সিরিয়ার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। আমিরাতের বিপক্ষে জয়ের পাশাপাশি সিরিয়ার হার কিংব ড্র কামনা করতে হবে তাদের। তাহলে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হবে ৯। অন্যদিকে ড্র করলে সিরিয়ার ৮ পয়েন্ট হবে। আর যদি হেরে যায় তাহলে আগের ৭ পয়েন্টেই থাকবে তাদের। এক্ষেত্রে বাংলাদেশ উঠে যাবে টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে।
আমিরাতকে হারিয়ে পয়েন্ট টেবিলের সমীকরণ মেলানোর কাজটা বাংলাদেশের জন্য সহজ হবে না। সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেই এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। এবার আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিও কঠিন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে জয়ের লক্ষ্যে কোচ লোডভিক ডি ক্রুইফের দল নিজেদের সেরাটা নিংড়ে দিয়েই লড়বে। আমিরাত ফুটবল ক্লাব মাঠে বাংলাদেশ সময় রাত ৭টা ২০ মিনিটে বাংলাদেশ-আমিরাত ম্যাচটি শুরু হবে। এর আগে একই দিন সন্ধ্যা ৫টা ২০ মিনিটে পরস্পরের মুখোমুখি হবে সিরিয়া ও ভুটান।