বিশ্ব ফুটবলের নতুন তারকাদের ভিড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন পাউ কুবার্সি। ১৯ বছর বয়সেই জিতে নিলেন ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার। ইউরোপের ক্লাব ফুটবলে ২১ বছরের কম বয়সী সেরা খেলোয়াড়কে দেওয়া এই স্বীকৃতি এবার উঠল বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডারের হাতে। সোমবার ইতালির সাসুয়োলো শহরে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
২০০৩ সাল থেকে ইতালীয় সংবাদমাধ্যম তুততোস্পোর্ত প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে। দুই দশকের বেশি সময়ের ইতিহাসে কুবার্সির জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। মাতাইস ডি লিখটের পর দ্বিতীয় সেন্টার-ব্যাক হিসেবে গোল্ডেন বয় জিতলেন তিনি। ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন নেদারল্যান্ডসের ডি লিখট। সাধারণত আক্রমণভাগের খেলোয়াড় ও সৃজনশীল মিডফিল্ডারদেরই এই স্বীকৃতি পেতে দেখা যায়। অতীতে পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি, ওয়েইন রুনি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও জুড বেলিংহামের মতো তারকারা।
কুবার্সির হাত ধরে পুরস্কারটিতে বার্সেলোনার আধিপত্যও আরও দৃঢ় হলো। ক্লাবটির হয়ে এর আগে লা মাসিয়া থেকে উঠে আসা মেসি, পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল এই সম্মাননা জিতেছেন। এবার তাঁদের পাশে যুক্ত হলো কুবার্সির নাম। গতবারের বিজয়ী দেজিরে দুয়ে এবং ২০২৪ সালের বিজয়ী ইয়ামালের পর নতুন বিজয়ী হলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
এবারের মনোনয়ন তালিকাতেও ছিল স্প্যানিশ ফুটবলের শক্ত উপস্থিতি। রিয়াল সোসিয়েদাদের জন মার্তিন এবং বার্সেলোনার মার্ক বার্নাল ও জাবি এস্পার্তও ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত তরুণদের সেরার মুকুট উঠল কুবার্সির মাথায়।