নারী এশিয়ান কাপ
নতুন ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ঐতিহাসিক টুর্নামেন্টটি এখনো সাফল্যের দেখা পায়নি আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। এশিয়ান নারী ফুটবলের মঞ্চে প্রথম দুই ম্যাচেই দুই জায়ান্ট টিমকে মোকাবিলা করতে হয়েছে দেশের কন্যাদের। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বীরত্বও দেখিয়ে ২-০ গোলে হেসেছে। কিন্তু পরের ম্যাচে ৫-০ গোলে উড়ে যায় উত্তর কোরিয়ার কাছে। টানা দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচটা জয়ের রঙে রাঙিয়ে নিতে চায় বাংলাদেশ।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় মুখোমুখি হবে দুদল। বাংলাদেশের মতো নিজেদের প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে হেরেছে উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। সমান পয়েন্টের পুঁজি নিয়ে দুইয়ে অবস্থান করছে চীন। কোনো পয়েন্ট না পেয়ে তিনে উজবেকিস্তান ও চারে রয়েছে বাংলাদেশ। গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মধ্য এশিয়ার দেশটি। এ ম্যাচ জিততে পারলে সমীকরণ মিলিয়ে গ্রুপ পর্বের বাধা উতরে পয়েন্ট তালিকার উঠে শেষ আটে উঠার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের সামনে। আর বাস্তবে তেমনটা হলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও জিইয়ে থাকবে।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল পাবে শেষ আটের টিকিট। ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেরা আটে পৌঁছে গেছে চীন ও উত্তর কোরিয়া। তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকার জন্য উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ এখন কঠিন সমীকরণের সামনে। উজবেকিস্তানের সঙ্গে জিতলেই হবে না, বাংলাদেশকে বড় ব্যবধান নিতে হবে। উজবেকিস্তানকে নূন্যতম ৩/৪ গোলের ব্যবধানে হারাতেই হবে। তারপরও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত ও জাপানের দিকে। ভারত ৪ গোলে চাইনিজ তাইপেকে ও জাপান ৫ গোলে ভিয়েতনামকে হারালে তখন বাংলাদেশ তৃতীয় স্থানকারী দলগুলোর মধ্যে দ্বিতীয় সেরা দল হয়ে কোয়ার্টারে যেতে পারবে।
ফিলিপাইনের বিপক্ষে ইরান জিতলে বা ড্র করতে পারলে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হয়ে যেতো। কিন্তু গোল্ডকোস্টে ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ফিলিপাইন। ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট ও -২ গোল গড়ে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠার দৌড়ে ফিলিপাইন অনেকটা এগিয়ে গেল।
নারী এশিয়ান কাপে উজবেকিস্তান এর আগে অংশ নিয়েছে পাঁচবার। তবে ২০০৩ সালের পর এবারই প্রথম বাছাই পেরিয়ে মূল পর্বে খেলছে। কিন্তু বিপরীতে বাংলাদেশে এ আসরে খেলছে প্রথম। ফিফা র্যাংকিংয়ে দুদলের ব্যবধানও বিস্তর। উজবেকিস্তান ৪৯তম, আর বাংলাদেশের অবস্থান ১১২তম। এই ব্যবধান নিয়ে মাথা না ঘামিয়ে মেয়েরা স্বপ্ন নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ বাটলার।