হোম > খেলা > ফুটবল

ফুটবল ইতিহাসে নিজের নাম লিখেছি : নেইমার

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে চলছে তীব্র উন্মাদনা। তবে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের চোট ও ফিটনেস নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। এখনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি এই ফরোয়ার্ড। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে তাকে দেখা যাবে কি না, তা নিয়েও কাটেনি অনিশ্চয়তার মেঘ।
তবে চোটের এই কালো মেঘও সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশায় চির ধরাতে পারেনি। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে বিশ্বকাপের সোনালি ট্রফি অধরা ব্রাজিলের। সমর্থকদের বিশ্বাস, এবার ৩৪ বছর বয়সি এই মহাতারকার হাত ধরেই ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ নিশ্চিত করবে সেলেসাওরা, আর নেইমার নিজেকে নিয়ে যাবেন ফুটবল ইতিহাসের অমরত্বে।
ভক্তদের এমন পাহাড়সম চাপ ও প্রত্যাশার মাঝেও বেশ শান্ত ও আত্মবিশ্বাসী নেইমার। সম্প্রতি ‘রেডবুল আলটিমেট সকার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের লিগ্যাসি বা ফুটবলীয় ঐতিহ্য নিয়ে কথা বলেন তিনি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে থাকলেও নেইমার মনে করেন, ফুটবলের ইতিহাসে তার স্থায়ী জায়গা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে।
সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি ফুটবলে আমার লিগাসি তৈরি হয়ে গেছে। ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আমি ইতিহাস গড়তে পেরেছি, ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখেছি। একদিন আমি আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারব, দেশের জন্য আমি কত গুরুত্বপূর্ণ কাজ করেছি।’
ফুটবল বিশ্বে নিজের খেলার ধরন ও নিবেদন নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরো যোগ করেন, সান্তোস, বার্সেলোনা, পিএসজি কিংবা আল হিলাল—যে ক্লাবের হয়েই তিনি খেলেছেন, মাঠে সব সময় নিজের চনমনে আসল রূপেই হাজির হয়েছেন। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য প্রতিবারই তিনি মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি নেইমারের ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন চলছে। সান্তোসে ফেরা এই তারকা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে জানান, ক্লাবের সঙ্গে তার এখনো এক বছরের চুক্তি বাকি রয়েছে এবং তিনি সেটি পূর্ণ করতে চান। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নিজের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে পরবর্তী ক্যারিয়ারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ব্রাজিলিয়ান ফুটবলের এ পোস্টার বয়।
আপাতত কোটি ভক্তের প্রার্থনা, সব অনিশ্চয়তা কাটিয়ে চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন নেইমার এবং সাম্বার ছন্দে ব্রাজিলকে এনে দেবেন বহুল কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ট্রফি।

হুমকির মুখে বিশ্বকাপের পাঁচ রেকর্ড

গরিলা-হাতি-জিরাফ-পুমা এখন বিশ্বমঞ্চের জ্যোতিষী

ইরানের বিশ্বকাপ উন্মাদনা হারিয়ে গেছে বিষণ্ণতার ছায়ায়

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জিতলেও দলের দুর্বলতা দেখছেন কোচ ডুলি

শুরুর আগেই বিশ্বকাপ শেষ জার্মানির কার্লের!

গোল লাইনে বল নিয়ে বিতর্ক

ঋতুপর্ণার গোলে স্বস্তির সমতায় বিরতিতে বাংলাদেশ

‘পানি নিয়েও ব্যবসা’ অভিযোগের পর অবস্থান বদলাল ফিফা

ভিসা পেলেন ইরানের ফুটবলাররা, অনিশ্চয়তায় কর্মকর্তারা