কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে হঠাৎই ঢাকায় এসে পৌঁছায় দেশটির ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। মূলত নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে ম্যাচ খেলা কিংবা স্বাগতিক বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে খেলার সম্ভাবনা যাচাই করতেই তাদের এই আকস্মিক পরিদর্শন বলে জানা গেছে।
আজ রোববার বিকালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদলটি বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে। তারা আধা ঘণ্টারও বেশি সময় ধরে স্টেডিয়ামের মূল মাঠের ঘাস, ড্রেসিংরুম, প্রেস বক্স, গ্যালারি এবং ডাগআউট সরেজমিন পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সঙ্গে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
পরিদর্শন শেষে বাফুফে কর্মকর্তা ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সিবিএফ প্রতিনিধিদল নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সরাসরি প্রীতি ম্যাচ খেলার বিষয়েও তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। পরিদর্শন করা স্টেডিয়ামের সার্বিক সুযোগ-সুবিধা ও পরিবেশের রিপোর্ট তারা নিজেদের ফেডারেশনে জমা দেবে এবং প্রয়োজনবোধে মাঠ পুরোপুরি প্রস্তুত হলে আবার সফরে আসতে পারে।
সূচি অনুযায়ী, ব্রাজিল দল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর ঢাকায় নেমে অনুশীলন করার একটি সম্ভাবনা রয়েছে। তবে এটি কেবল অনুশীলন সফর হবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল দলের মুখোমুখি হওয়ার পূর্ণাঙ্গ পরিকল্পনাÑতা দ্রুতই সিবিএফ ও বাফুফের চূড়ান্ত আলোচনার পর নিশ্চিত হওয়া যাবে।
সফর শেষে ব্রাজিলের প্রশাসনিক প্রতিনিধিদলের বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।