হোম > খেলা > ফুটবল

মেসির চার গোলে মন্ট্রিলকে উড়িয়ে জয়ে ফিরল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

টানা পাঁচ ম্যাচের জয়হীনতা অবশেষে কাটল ইন্টার মিয়ামির। আগের পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র নিয়ে থাকা ফ্লোরিডার ক্লাবটি আজ ভোরে ফিরেছে চেনা রূপে। হতাশার বৃত্ত ভেঙে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর এই বিশাল জয়ের মূল নায়ক লিওনেল মেসি। একাই চার গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। মেজর লিগ সকারে এটিই মিয়ামির রেকর্ড ব্যবধানের জয়।

বড় ব্যবধানে জিতলেও ম্যাচের প্রথমার্ধটা মায়ামির জন্য সহজ ছিল না। নু স্টেডিয়ামে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মন্ট্রিল। স্বাগতিকদের কয়েকটি প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে।

২০ মিনিটে কর্নার থেকে শক্তিশালী হেডে মিয়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিলকে সমতায় ফেরান। সমতা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই দূরপাল্লার দুর্দান্ত শটে মেসি বল পাঠিয়ে দেন মন্ট্রিলের জালে। ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আরও ভয়ংকর হয়ে ওঠে মেসি ও তার দল। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা। মিয়ামি এগিয়ে যায় ৩-১ গোলে। ৭৯ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন লুইস সুয়ারেজ। এর মাত্র চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

তাতেও থামেনি মিয়ামি। ৮৯ মিনিটে আলেক্সান্দার শো দলের ষষ্ঠ গোলটি করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

এক ম্যাচে চার বা তার বেশি গোল করার ঘটনা মেসির ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবার। তবে মিয়ামির জার্সিতে এবারই প্রথম এক ম্যাচে চার গোল করলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে লা লিগায় এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

মন্ট্রিলের বিপক্ষে চার গোলের সুবাদে চলতি মৌসুমে এমএলএসের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। ১৯ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৮। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল বেশি করেছেন মেসি।

এমএলএসে ২৫ জুলাইয়ের পর প্রথম জয় পেল ইন্টার মায়ামি। লিগস কাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর বড় জয় দিয়ে ছন্দে ফিরল দলটি। এই ম্যাচে ডাগআউটে ছিলেন না ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। চলতি সপ্তাহে তার জায়গায় নতুন কোচ হিসেবে ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেজের নাম ঘোষণা করেছে মিয়ামি। ওয়ার্ক পারমিট পেলেই দায়িত্ব নেবেন তিনি।

উৎপাদন ধসের পর ক্রয়াদেশ হারানোর শঙ্কা পোশাক খাতে

কালের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছর আগের ‘গায়েবি মসজিদ’

ইরানে ফের হামলা চালানোর হুমকি ইসরাইলি মন্ত্রীর

জলপাইয়ের ডাল হাতে প্যারিসে বিক্ষোভ, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবি

ইসরাইলি হামলার প্রতিবাদে স্টকহোমে বিক্ষোভ, মানুষ হত্যা বন্ধের দাবি

যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

নরসিংদীতে চার দিনব্যাপী অভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ

অষ্টগ্রামে বিপন্ন গাঙ্গেয় শুশুক উদ্ধার, কেটে ভাগাভাগি করে নেয় স্থানীয়রা

আসিয়ান কাপে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

লৌহজংয়ের ঐতিহ্যবাহী কাঠের ঘরের জিআই স্বীকৃতির দাবি