হোম > খেলা > ফুটবল

ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সমীকরণটাও ছিল স্পষ্ট, জিতলেই মিলবে কাঙ্ক্ষিত টিকিট। কিন্তু শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে ৭৩ মিনিট পর্যন্ত লড়াই চালিয়েও শেষ রক্ষা হলো না সাইফুল বারী টিটুর শিষ্যদের। শেষ দিকে তিন গোল হজম করে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো আলপি-ফাতেমাদের।

আজ রোববার উজবেকিস্তানের তাসখন্দে দোস্তলিক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকেই শেষ হয়েছে লাল-সবুজের মেয়েদের অভিযান। অন্যদিকে, টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে ফিলিপাইন।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণকে পরীক্ষায় ফেলেছে ফিলিপাইন। ১৬ মিনিটে দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মেঘলা রানী রায়। সাত মিনিট পর কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া আরেকটি শটও ফিরিয়ে দেন তিনি। কুলিং ব্রেকের পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রসে মৌসুমীর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপি আক্তারের শট ক্রসবারে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

বিরতির পরও লড়াই চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ৭৩ মিনিটে ভেঙে যায় তাদের প্রতিরোধ। বাঁ দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের এক ডিফেন্ডার। বল পেয়ে দ্রুত শটে জাল খুঁজে নেন মায়া রোজ বাসকারা।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে যায় বাংলাদেশ। সেই সুযোগে শেষ দিকে আরও দুইবার আঘাত হানে ফিলিপাইন। নোয়েল্লে গ্রানজারের জোড়া গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল। ফিলিপাইনও স্বাগতিকদের বিপক্ষে পেয়েছিল ৪-০ গোলের জয়। ফলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় তিন পয়েন্ট নিয়েই বিদায় নিতে হলো দলকে।

ভিনিসিয়ুসের লাল কার্ড, কষ্টার্জিত জয় রিয়ালের

মেসির জোড়া গোলে মিয়ামির বড় জয়

আর্সেনাল-চেলসির জয়ের রাতে ইউনাইটেডের হোঁচট

ঘরের মাঠে বার্সার অনায়াস জয়

৩৭ বলের সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের ভেলকি

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সুলিভান

জাতীয় দল ছেড়ে নিষেধাজ্ঞায় রোনালদো

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর ৯৮০তম গোল

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা