বাংলাদেশ নারী ফুটবলের সামনে ব্যস্ত সূচি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল। কিন্তু গুরুত্বপূর্ণ এই সিরিজে ডাগআউটে পাওয়া যাচ্ছে না প্রধান কোচ পিটার বাটলারকে। অসুস্থতার কারণে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। ফলে ঋতুপর্ণা-আফিদাদের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাটলারের লিভারে সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ নারী ফুটবল দলের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর। লিভারের সমস্যা ক্যানসারে রূপ নিয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, আর সেখান থেকে সেরে উঠতে সময় লাগবে। তাই সিঙ্গাপুর সফরে তাঁর দলের সঙ্গে থাকার সম্ভাবনা কম।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘বাটলার অসুস্থতার জন্য ইংল্যান্ডে রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তার থাকা সম্ভব নয়। এই সময়ে টেকনিক্যাল ডিরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। তিনিই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’
বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে তুললেও সাফের শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। এশিয়ান গেমসেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি দল। সব মিলিয়ে তাঁর কোচিং নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার অসুস্থতা যোগ হওয়ায় বাংলাদেশে তাঁর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে ফেডারেশনের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এরপর ফেডারেশন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির প্রস্তুতিতে বর্তমানে চট্টগ্রামে অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। সাফ টুর্নামেন্ট শেষ হলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন আফিদারা। আপাতত দলের অনুশীলন পরিচালনা করছেন আবুল হোসেন।