হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ শুরুর আগেই নিরাপত্তা শঙ্কায় আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে অপ্রত্যাশিত এক নিরাপত্তা বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ালেও মাঠের বাইরের একটি ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিরাপত্তাজনিত ত্রুটির কারণে লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা স্কোয়াডের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আইসল্যান্ড প্রীতি ম্যাচের আগে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করা খেলোয়াড় তালিকায় পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। সাধারণত এমন সংবেদনশীল তথ্য প্রকাশের আগে তা গোপন বা ঝাপসা করে দেওয়া হয়। কিন্তু এবার সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলেই দাবি করা হচ্ছে।

ফাঁস হওয়া তথ্যের তালিকায় আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিসহ বিশ্বকাপ স্কোয়াডের সব খেলোয়াড়ের নাম ছিল। বিষয়টি সামনে আসার পর নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বিশ্বকাপের মতো উচ্চ নিরাপত্তার টুর্নামেন্ট শুরুর আগে এমন ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ কিংবা আর্জেন্টিনা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাঠের খেলায় অবশ্য কোনো প্রভাব পড়েনি। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন ভ্যালেন্টিন বার্কো। এরপর দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি বদলি হিসেবে মাঠে নামেন এবং মাত্র দুই মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখেন। ম্যাচের শেষদিকে থিয়াগো আলমাদার গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে টানা দুটি জয় নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপাধারী দল হিসেবে এবারও তাদের ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। তবে টুর্নামেন্ট শুরুর আগে পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনা নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিল।

বিশ্বকাপের ২৩তম আসর শুরু হবে বৃহস্পতিবার রাতে। আর নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা আগামী বুধবার, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

বেলিংহাম-গর্ডনের নৈপুণ্যে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের

সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগেই সোমালি রেফারিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা নিয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস

ফিফা বস ইনফান্তিনোর পদত্যাগ দাবি গুলিতের

বিশ্বকাপ উদ্বোধনীতে কারা থাকছেন মঞ্চে, কখন শুরু, কোথায় দেখবেন

বিশ্বকাপ শুরুর আগে নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের ম্যাচে ধর্মঘটের হুমকি

৪৮ দলের মহোৎসবে অর্থের ছড়াছড়ি

অ্যালগরিদমের ভবিষ্যদ্বাণীতে চ্যাম্পিয়ন স্পেন

আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল