আগামী অক্টোবরে ঢাকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সরকার। ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যয়ভার বহনে সরকারের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি কোনো বেসরকারি বা বাণিজ্যিক স্পন্সরের মাধ্যমে অর্থের সংস্থান করতে পারে, সেক্ষেত্রে প্রশাসনিক ও অবকাঠামোগত সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
আজ ঢাকা বক্সিং ফেডারেশন আয়োজিত ‘কোচেস ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ খাতের বড় অঙ্কের খরচের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এক কথায় উত্তর দিলে, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একটি ম্যাচকে কেন্দ্র করে এ ধরনের অর্থ ব্যয় করার মানসিকতা আমাদের নেই। আপনারা জানেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎসহ দেশের অন্যান্য জরুরি খাতগুলোতে অনেক বড় অঙ্কের ব্যয় বহন করতে হচ্ছে।’
সফরটি বাতিলের সম্ভাবনা বা বিকল্প পথ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো যোগ করেন, ‘বাফুফের সঙ্গে ব্রাজিল প্রতিনিধিদলের কথা হয়েছে। বাফুফে যদি বিভিন্ন স্পন্সর এনে ম্যাচটিকে পূর্ণতা দিতে পারে, তবে সরকারের দিক থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’
বাংলাদেশে ব্রাজিলের মতো বিশ্বখ্যাত দলের আগমনের খবর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করলেও, জাতীয় ফুটবলের গুণগত মানোন্নয়নে এর প্রভাব নিয়ে বাস্তবসম্মত মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ব্রাজিল দল বাংলাদেশে আসা এবং লাল-সবুজ প্রতিনিধিদের সঙ্গে খেলা অবশ্যই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। দর্শকরা অত্যন্ত আনন্দিত হবেন। কিন্তু ব্রাজিলের একটি ম্যাচ খেলে যাওয়ার মাধ্যমেই যে বাংলাদেশ ফুটবলের কোনো পরিবর্তন আসবে—এ বিষয়ে আমি একমত নই।’
ব্রাজিলের ঢাকায় আগমন সংক্রান্ত আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বাফুফে সভাপতি এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর মধ্যে প্রাথমিক আলোচনা হলেও বিস্তারিত অর্থনৈতিক হিসাবপত্র বা চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়নি। ফলে ম্যাচটি সত্যি সত্যি ঢাকায় অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করছে বাফুফের স্পন্সর সংগ্রহের দক্ষতার ওপর।