চ্যালেঞ্জ কাপ দিয়ে আজ ২১ আগস্ট শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন আসর। এক ম্যাচের এই টুর্নামেন্টে খেলার কথা ছিল গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনীর। কিন্তু ক্লাব দুটির ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে চ্যালেঞ্জ কাপ বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে আবাহনী ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলেও কিংসের প্রত্যাহার হয়নি। বাফুফে বেশ কয়েক দফায় ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ বাড়ালেও এখনো কিংস খেলোয়াড় নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি। বাফুফের সামনে আগামী ২৫ আগস্ট ফেডারেশন কাপ আর ২৮ আগস্ট লিগ শুরুর সূচি রয়েছে। কিন্তু এখনো দল চূড়ান্ত ও টুর্নামেন্টের ড্র হয়নি। ফলে ধরেই নেওয়া যায়, পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না এ দুটি টুর্নামেন্টও। তবে ঘরোয়া ফুটবলের মৌসুম কবে শুরু হবে, সে ব্যাপারে আগামীকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত আসতে পারে। মৌসুম শুরুর তারিখ পেছানোর পক্ষে বেশকিছু ক্লাব। আবার কিছু ক্লাব ক্যাম্প শুরু করে দিয়েছে। তারা চায় দ্রুত ফুটবলের মৌসুম শুরু হোক। এখন দেখার বিষয়, কী সিদ্ধান্ত নেয় বাফুফে।