ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে গোল উদযাপন করেছেন, কিন্তু ম্যাচ শেষে সেই গোলের মালিকানা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সৌদি প্রো লিগে আল-ফয়সালির বিপক্ষে আল-নাসরের ৩-১ গোলের জয়ে পর্তুগিজ তারকা ভেবেছিলেন, ক্যারিয়ারের ৯৮২তম গোলটি পেয়ে গেছেন। কিন্তু বল জালে যাওয়ার আগে প্রতিপক্ষের ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর স্পর্শ থাকায় গোলটি নিয়ে দেখা দিয়েছে মতভেদ।
গতকাল ম্যাচের ৪৯ মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেড করেন রোনালদো। বলটি জালে ঢুকলেও মাঝপথে জিরোত্তোর গায়ে লেগে দিক পরিবর্তন করে। রোনালদো গোল উদযাপনে মেতে উঠলেও পরে গোলটির কৃতিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত গোলটি আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ফলে রোনালদোর আনুষ্ঠানিক গোলসংখ্যা আপাতত ৯৮১-তেই থাকছে।
তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তির কারণও আছে। ইএসপিএনের ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রো লিগের হিসাবে গোলটি প্রথমে রোনালদোর নামেই ছিল। কিন্তু পরিসংখ্যান সরবরাহকারী অপ্টা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ, গোলের কৃতিত্ব নিয়ে বিভিন্ন হিসাবে অমিল দেখা গেছে।
ম্যাচে আল-নাসরের হয়ে প্রথম গোলটি করেন আবদুল্লাহ আল-হামদান। পরে রোনালদোর হেডের ঘটনাটি ঘটে। আল-ফয়সালি থিও বংগোন্ডার গোলে ব্যবধান কমালেও শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল-নাসর।
রোনালদোর লক্ষ্য ক্যারিয়ারের ১,০০০ গোলের মাইলফলক। সেই পথে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। তাই একটি গোলের স্বীকৃতি নিয়ে এমন বিতর্ক স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। তবে চূড়ান্ত হিসাব নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিযোগিতা ও স্বীকৃত পরিসংখ্যান সংস্থার আনুষ্ঠানিক রেকর্ডের ওপর।