আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে চেলসি। ৭৫ লাখ পাউন্ড (প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা) ট্রান্সফার ফিতে দুই বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন ৩৪ বছর ছুঁইছুঁই এই তারকা। লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে, যেখানে মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ থাকছে। প্রিমিয়ার লিগে গোলকিপার রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভুলের কারণে চেলসি একজন নির্ভরযোগ্য ও অভিজ্ঞ গোলকিপারের খোঁজ করছিল। মার্তিনেজের যোগদান স্টামফোর্ড ব্রিজের রক্ষণে বাড়তি স্বস্তি ও গভীরতা আনবে। মার্তিনেজ গত কয়েকটি মৌসুম ধরেই নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় ছিলেন। এই ট্রান্সফার উইন্ডোর শুরুতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস তাকে নেওয়ার আগ্রহ দেখালেও আঙুলের চোট জটিলতায় ওই চুক্তি ভেস্তে যায়। অন্যদিকে অ্যাস্টন ভিলা ইতোমধ্যে আড়াই কোটি পাউন্ডের বিনিময়ে পার্মা থেকে জাপানি গোলকিপার জিওন সুজুকিকে দলে এনে তাদের নতুন নাম্বার ওয়ান নিশ্চিত করেছে।