নারী সাফ চ্যাম্পিয়নশিপ
মালদ্বীপকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের টিকিট আগেই কেটে রেখেছিল বাংলাদেশ। শেষ চারে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী ভারতও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই দুদলের লক্ষ্য ছিল শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়া। ‘বি’ গ্রুপের সেরা দল রোববার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু শেষ হাসি হেসেছে প্রতিবেশী কন্যারাই। ভারতের কাছে ৩-০ গোলে হার মেনেছে মারিয়া মান্দারা। এমন বড় হারেও কোনো সমস্যা হয়নি দেশের মেয়েদের। কেননা টানা দুই ম্যাচ হেরে মালদ্বীপের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই।
এ হারে গ্রুপ ‘বি’ এর রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ কারণে আগামী ৩ জুন বাংলাদেশকে ফাইনালে উঠার লড়াইয়ে মোকাবিলা করতে হবে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল নেপালকে। গতকাল দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লিখেছে হিমালয়ের কন্যারা। নারী সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনালে দাপট দেখানো নেপাল এবারের আসরে শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।
ম্যাচের পুরোটা জুড়েই বাংলাদেশ যেন সাজিয়ে ছিল এলোমেলো ফুটবলের পসরা। নিজেরা গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেছে। আর ভারতকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছে বেশ কয়েকবার। ফলে ভারতের বিপক্ষে হজম করতে হয়েছে বড় হারের তেতো স্বাদ।
ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ভারত। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রতিবেশী দেশটি। ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে গোলটি করেন পিয়ারি। নিজের শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা ঘেঁষে দারুণ দক্ষতায় জালে কাঁপিয়েছেন তিনি। ভারতের জার্সিতে এ নিয়ে পেলেন ২০তম গোলের সন্ধান।
ভারত দ্বিতীয় গোলটি পায় পেনাল্টি থেকে। ভারতকে ২-০ ব্যবধানে লিড এনে দিয়ে স্বাগতিকদের উচ্ছ্বাসে ভাসান লিন্ডা। এতেই ২১ বছর বয়সী এই খেলোয়াড় পেয়ে যান নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ গোল। কিছুক্ষণ পরই আরেকটি গোল হজম করে মিলিরা। ডি বক্সের মধ্যে মালাবিকাকে ফাউল করে বসেন সুরমা জান্নাত। সুবাদে পেনাল্টি পেয়েছিল ভারত। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় স্বাগতিকরা বাড়িয়ে নেন জয়ের ব্যবধান।