এবার ১৩ দল নিয়েই হবে ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সর্বোচ্চসংখ্যক দল নিয়ে এবারই প্রথম নয়, অতীতেও একাধিকবার ১৩ দলের লিগ হয়েছে। এবার লিগে দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে বড় কারণ ছিল ফিফার নিষেধাজ্ঞা। দলবদলের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় লিগে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল বড় দুই ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনীর। তখন গত মৌসুমে অবনমন হওয়া ফকিরেরপুলও ফিফার নিষেধাজ্ঞায় ছিল। ফলে নতুন মৌসুমে এই তিন ক্লাবের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় গত মৌসুমে অবনমন হওয়া আরামবাগ ও গত চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া ওয়ান্ডারার্স ক্লাবকে লিগে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সম্প্রতি বাংলাদেশের তিনটি ক্লাবই ফিফা নিষেধাজ্ঞামুক্ত হয়েছে। আসন্ন লিগে ক্লাবগুলোর অংশগ্রহণও নিশ্চিত হয়েছে। তাদের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বাংলাদেশ ফুটবল লিগে উত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম সিটি ও ঢাকা সিটি ক্লাবও নতুন মৌসুমে খেলবে। তাই সব মিলে লিগে দলের সংখ্যা দাঁড়াল ১৩।
আজ বৃহস্পতিবার লিগের দলবদলের শেষ তারিখ ছিল। এ সময়ের মধ্যে সবগুলো দলই নিজেদের সামর্থ্যের মধ্যে সেরা দল গঠন করার চেষ্টা করেছে। সবচেয়ে শক্ত দল গঠন করেছে মোহামেডান। জাতীয় দলের অনেক ফুটবলার তাদের দলে রয়েছেন। অন্যদিকে শেষদিকে শক্ত দল গড়ার চেষ্টা করেছে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আবাহনীও নিজেদের সম্ভাব্য সেরা দল গঠন করেছে। দল বৃদ্ধি পাওয়ায় লিগে অনেক বিদেশি ফুটবলারের বিপক্ষে খেলার সুযোগ পাবেন দেশি খেলোয়াড়রা।