মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড়েনি। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে ভুটান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে ২–২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে তারা। আর এই ড্রতেই এক ম্যাচ হাতে রেখে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। পঞ্চম মিনিটে ড্যারেন ডেকারের হেডে বল জালে গেলেও গোলরক্ষককে আঘাত করায় ফাউল দেন রেফারি। ২৬ মিনিটে ড্যারেনের আরেকটি হেড পোস্টে লেগে ফিরে আসে। শুরুতে চাপ সামলালেও ৩৪ মিনিটে চমক দেখায় ভুটান। চেনচো গেইলশেনের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় তারা।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভুটান। পরের মিনিটেই ওলিভার জেমস ক্লেয়ারটের গোলে সমতা ফেরায় শ্রীলঙ্কা। ৪৩ মিনিটে ওলিভারের ক্রস থেকে আহমেদ ওয়াসিম রাজিকের হেডে এগিয়ে যায় লঙ্কানরা।
বিরতির পর সমতা ফেরানোর সুযোগ আসে ভুটানের সামনে। ৬৬ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো। তবে সেই ব্যর্থতা কাটিয়ে ৭৬ মিনিটে দুর্দান্ত শটে নিজেই দলকে সমতায় ফেরান এই তারকা।
শেষ দিকে জয়ের জন্য দুই দলই চেষ্টা করেছে। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার রাহুল সুরেশ। শেষ পর্যন্ত ২–২ সমতায় শেষ হয় ম্যাচ। আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।