এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া। তাসখন্দ স্টেডিয়ামে বিকাল ৫টায় দুদলের ম্যাচটি শুরু হবে। এর মধ্যে দুদলই হার দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া। আজ দুদলের অভিন্ন লক্ষ্য, জয়ে ফেরা।
বাংলাদেশ-সিরিয়া ম্যাচটি দারুণ উপভোগ্য হতে পারে। এ ম্যাচে বাংলাদেশের ভালো পরীক্ষা নেবে সিরিয়ার যুবারা। কেননা সম্প্রতি বড় দলের বিপক্ষে সিরিয়ার অনূর্ধ্ব-২০ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এশিয়ান কাপের মূল পর্বে নিয়মিত খেলে থাকে তারা। ২০২৫ সালের আসরে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারলেও জাপান ও থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ২-২ গোলে ড্র করে সিরিয়া। অত্যন্ত উঁচুমানের ফুটবল খেলে তারা। তাদের বিপক্ষে সমান তালে লড়াই করে জয় পাওয়াটা খুবই কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য। তবে সিরিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। শক্তিশালী প্রতিপক্ষ উজবেকিস্তানের কাছে হারলেও মাঠে তাদের যে লড়াকু মনোভাব দেখা গেছে, সেটি সিরিয়ার ম্যাচে দলকে এগিয়ে রাখবে। গত এপ্রিলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এই শিরোপাজয়ী দলের সঙ্গে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দিয়েছেন। তাতে দলের শক্তি বেড়েছে। সব মিলিয়ে গত ম্যাচে সুবিধা করতে না পারলেও সিরিয়ার বিপক্ষে জয়ে ফিরতেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা।