স্বপ্না-মুনকিকে ছাড়াই থাইল্যান্ড যাচ্ছে দল
কড়া হেডমাস্টারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেন কোচ পিটার বাটলার। তার সাফ কথা- পারফরম্যান্স আর শৃঙ্খলার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় হবে না। কোচের সেই কড়া অনুশাসনের কারণেই নারী সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে ছিটকে গেছেন নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার। মাঝমাঠের এই দুই পরিচিত মুখকে বাইরে রেখেই নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে রওনা হচ্ছে বাংলাদেশ।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় মাঠে গড়াবে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটিতে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে লাল-সবুজের মেয়েরা। সেখানে হবে ১৫ দিনের ক্যাম্প। থাইল্যান্ডের দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। শেষে ২১ মে মেয়েরা যাবে গোয়া।
থাইল্যান্ডের ফ্লাইট ধরার আগে আজ দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নের কথা শুনিয়েছেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। তবে শিরোপা নিয়ে দেশে ফেরা মোটেই সহজ হবে না তাদের জন্য। কঠিন চ্যালেঞ্জ মানছেনও গুরু-শিষ্য। কারণ আগের দুবার নেপালকে তাদেরই ঘরের মাঠে ধরাশায়ী করে সাফ ট্রফি জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আফঈদা-ঋতুপর্ণাদের খেলতে হবে ভারতের মাটিতে। স্বাগতিক প্রতিবেশী দেশটি টুর্নামেন্টে প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন।
২০২৪ সালে সাফের শিরোপা ধরে রাখা দল থেকে এবার বাদ পড়েছেন ১০ জন। কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের কারণে অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদারা আগে থেকেই ছিটকে গেছেন দল থেকে। তবে স্বপ্না রানী ও মুনকি আক্তারের না থাকাটা নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। স্বপ্না ও মুনকিকে শুধু বাদই দেননি কোচ, তাদের নিয়ে বাটলার রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন।
বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি এবং আশা করি একদিন তাদের বোধোদয় হবে। আশা করি, একদিন ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা দলের সঙ্গে অনুশীলন করছে না এমনকি তারা অনুশীলন গ্রুপের সঙ্গেও নেই।’
অস্ট্রেলিয়ায় প্রথমবার এশিয়ান কাপে খেলা মেয়েদের কাছ থেকে খুব ভালো পারফরম্যান্স প্রত্যাশা করাটা অবাস্তব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, ‘আমাদের দেশের মানুষ একটু বেশি আশা করে, এটা ঠিক নয়।’
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি ও শামসুন্নাহার জুনিয়র।