নারী ফুটবল লিগ
দীর্ঘ বিরতির পর আবার আজ থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগের খেলা। এদিন রাজশাহী স্টার্স ৮-০ গোলে বিধ্বস্ত করে সদ্যপুষ্করণীকে। এই জয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেল ঋতুপর্ণাদের দল। আগামী ১৩ ফেব্রুয়ারি লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে তারা। কারণ, ১০ ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ২৮ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী স্টার্সের হয়ে হ্যাটট্রিক করেন সম্প্রতি অনূর্ধ্ব-১৯ সাফে সেরা পারফরম্যান্স দেখানো ফুটবলার আলপি আক্তার। তবে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি ও মুনকি আক্তার একটি এবং অন্যটি আত্মঘাতী থেকে এসেছে।
একই দিন অপর ম্যাচে সেনাবাহিনী ১৮-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে। এ ম্যাচে সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি আক্তার করেন হ্যাটট্রিক। উন্নতি খাতুন, হালিমা আক্তার ও তনিমা বিশ্বাস জোড়া গোল করেন। সুমি রানী আত্মঘাতী গোল করেন। আরেক ম্যাচে বিকেএসপি ৯-১ গোলে হারায় সিরাজ স্মৃতি সংসদকে। রিয়া হ্যাটট্রিকসহ ৬ গোল করেন। মিরা খাতুন করেন হ্যাটট্রিক। সিরাজ স্মৃতির পক্ষে তাসপিয়া গোল করেন।
অন্যদিকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ফরাশগঞ্জের শামসুন্নাহার জোড়া গোল উপহার দেন। অপর গোলটি করেন মারিয়া মান্দা। পুলিশের পক্ষে গোল করেন সাগরিকা ও আইরিন খাতুন।