আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত হার মেনেছে বাংলাদেশ। ইউরোপের শক্তিশালী দলটির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
৪০ মিনিটের (২০ মিনিট করে দুই অর্ধে) এই ‘এইট-এ-সাইড’ ম্যাচে শুরুতেই দুর্দান্ত চমক দেখায় বাংলাদেশ। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে বায়েজিদের চমৎকার এক গোলে লিড নেয় তরুণ লাল-সবুজ প্রতিনিধিরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের বিপক্ষে এমন শুরুতে ম্যাচের লাগাম হাতের মুঠোয় নেওয়ার আশাও জেগেছিল।
তবে শুরুর ধাক্কা সামলে দ্রুতই নিজেদের শক্তিমত্তা ও অভিজ্ঞতার জানান দেয় পর্তুগাল। বাংলাদেশ দলের কিছু ভুল এবং প্রতিপক্ষের নান্দনিক পারফরম্যান্সে ম্যাচ থেকে ছিটকে পড়ে তরুণরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় পর্তুগাল।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বৈশ্বিক রূপ দিয়ে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে। যেখানে বিশ্বজুড়ে ১৯১টি দেশ মোট ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।
পর্তুগালের কাছে হারের আগে ইউরোপের আরেক পরাশক্তি ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে নজর কেড়েছিল বাংলাদেশ। ঘরোয়া অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট ও ওপেন ট্রায়ালের মাধ্যমে প্রায় দু’মাসের বেশি সময় অনুশীলন করিয়ে এই দল গঠন করেছিল বাফুফে। আজারবাইজানের এই টুর্নামেন্টে ওয়েলসের মতো দলের সঙ্গে ড্র এবং পর্তুগালের বিপক্ষে শুরুতেই লিড নেওয়া—সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের প্রতিচ্ছবিকে বেশ ইতিবাচক বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।