আর্জেন্টিনার আকাশি-সাদা বা নীল জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না। গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ এক বার্তায় ৩৯ বছর বয়সি এই মহাতারকা জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষ হয়ে গেছে। ২০৭ ম্যাচে ১২৫ গোল নিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের মালিক মেসি জানান, এই সিদ্ধান্ত তার জন্য অনেক কষ্টের। তবে সময় যে এখন থামার, সেটিও তিনি বুঝতে পারছেন।
গত মাসে বাবা হোর্হে মেসির মৃত্যুর পরই মেসি বলেছিলেন, ফুটবল আর কতদিন চালিয়ে যাবেন, তা নিয়ে তার মনে বড় একটা সংশয় তৈরি হয়েছে। এবার বিদায়ের ঘোষণা আসতেই সতীর্থ, বন্ধু, শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ তাকে ভালোবাসায় ভাসিয়েছেন। প্রত্যেকে নিজের মতো করে মনে করিয়ে দিয়েছেন, মেসি তাদের জীবনে কতটা জায়গা জুড়ে আছেন।
ডি মারিয়া : ‘সঠিক শতাব্দীতে জন্মেছিলাম’
মেসির দীর্ঘদিনের সতীর্থ আনহেল ডি মারিয়ার কাছে আকাশি-সাদা জার্সিতে বন্ধুকে আর না দেখার ভাবনাটাই কঠিন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়া লিখেছেন, ‘আমি শুধু জানি, আমি সঠিক শতাব্দীতেই জন্মেছিলাম, যাতে তোমাকে দেখতে পারি, উপভোগ করতে পারি এবং জাতীয় দলে এতগুলো বছর তোমার সঙ্গে কাটাতে পারি।’
ডি পল : ‘তুমি চিরন্তন’
ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ রদ্রিগো দে পল ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রতি মেসির ‘নিঃশর্ত ভালোবাসা’র জন্য। তিনি লিখেছেন, ‘শুধু ধন্যবাদ, ইতিহাসের সেরা। আমাদের এত সুখী করার জন্য ধন্যবাদ। তুমি বুঝতেও পারবে না কত হাসি এনে দিয়েছ আমাদের।’
শেষে মাত্র দুটি শব্দ—‘তুমি চিরন্তন।’
এনজো ফার্নান্দেস : ‘নাম্বার টেন ছাড়া মাঠ কল্পনা করা কঠিন’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার পরবর্তী অনুশীলন ক্যাম্প কল্পনা করতেই পারছেন না এনজো ফার্নান্দেস। মেসির সতীর্থ এই মিডফিল্ডার বলেছেন, ‘মাঠে নেমে সামনে ১০ নম্বর জার্সি গায়ে তোমাকে না দেখাটা... এত বছর ধরে তোমাকে ওখানে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে, অন্যভাবে ভাবাটাই অসম্ভব মনে হয়।’
লাউতারো : ‘ধন্যবাদ জানানোর মতো শব্দ নেই’
২০০৫ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জন্য মেসির অবদানের কথা বলতে গেলে যথেষ্ট শব্দ খুঁজে পান না লাউতারো মার্টিনেজ। তিনি লিখেছেন, ‘মাঠে যা কিছু অর্জন করেছ, তার বাইরেও আমার মনে থাকবে তুমি আমাদের যা শিখিয়েছ—কখনো হাল না ছাড়া, প্রতিটি ধাক্কার পর আবার চেষ্টা করা, নীরবে পরিশ্রম করা এবং সবার ওপরে নিজেদের ওপর বিশ্বাস রাখা।’
শেষে আবেগভরা বিদায়, ‘তোমাকে খুব মিস করব, অধিনায়ক। এই যাত্রায় তোমার সঙ্গী হতে পেরে আমরা চিরকৃতজ্ঞ।’
তাপিয়া : ‘স্বপ্নের অধিনায়ক’
আর্জেন্টাইন ফুটবল
অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে বলেছেন তুমি আমাদের স্বপ্নের অধিনায়ক। যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। প্রিয় লিও, তুমি আর্জেন্টিনা, জাতীয় দল এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তি। তিনি বলছিলেন, ‘তুমি আমাদের জাদুতে বিশ্বাস করতে শিখিয়েছ। আর হয়তো সে কারণেই মেনে নিতে কষ্ট হয় যে সময় তোমার জন্যও এগিয়ে চলে। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিটাই তোমার পতাকা। আর তোমার প্রতি আমাদের মানুষের ভালোবাসা থাকবে চিরকাল।’
মিলেই ও ইনফান্তিনো : ফুটবল ছাড়িয়ে শ্রদ্ধা
মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। তিনি মেসিকে বলেছেন ‘অসাধারণ এক মানুষ’। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও অভিনন্দন জানিয়েছেন মেসিকে। তার মতে, মেসি লাখো মানুষের জীবনে আনন্দ এনে দিয়েছেন।
ইনফান্তিনো লিখেছেন, ‘তুমি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছ একজন বিশ্বকাপজয়ী এবং আমাদের দেখা সবচেয়ে সেরা খেলোয়াড়দের একজন হিসেবে। তোমার জন্য শুভকামনা।’
কোলাপিন্তো : রেসট্র্যাক থেকেও শ্রদ্ধা
মেসির বিদায়ে শুধু ফুটবল বিশ্বই নয়, রেসট্র্যাক থেকেও এসেছে ভালোবাসা। আলপাইন এফ১ দলের আর্জেন্টাইন চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো লিখেছেন, ‘তোমাকে এত দিন ধরে খেলতে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। বারবার উঠে দাঁড়ানোর জন্য, একটা গোটা দেশকে খুশি করতে সবটুকু উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমাদের সবার জন্য উদাহরণ।’
আন্তোনেলা : ‘এই গল্পটা তোমার প্রাপ্য ছিল’
সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে কাছের মানুষটির বার্তাটিও ছিল সবচেয়ে আবেগঘন। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো লিখেছেন, ‘তোমার পাশে থেকে এই যাত্রা দেখার, তোমার সব স্বপ্ন পূরণ হতে দেখার—এ কী বিশাল এক সৌভাগ্য। এই গল্পটা, আর তার চেয়েও বেশি কিছু তোমার প্রাপ্য ছিল। আমরা তোমাকে অসীম ভালোবাসি।’
মেসির বিদায়ে চারদিক থেকে আসা এই কথাগুলো পাশাপাশি রাখলে একটি সত্যই স্পষ্ট হয়—লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন। তিনি একটি প্রজন্মের স্বপ্ন, একটি দেশের আবেগ, কোটি মানুষের শৈশব-কৈশোরের অংশ। আকাশি-সাদা জার্সিটি তুলে রাখলেন মেসি। কিন্তু যে ভালোবাসা নিয়ে তিনি মাঠে এসেছিলেন এবং যে স্মৃতি নিয়ে বিদায় নিলেন, সেই অমূল্য অর্জন, সেই অসীম ভালোবাসা কখনো হারাবে না।
মেসি থামলেন। কিন্তু তার গল্প থামবে না।