হোম > খেলা > ফুটবল

কোচ বলছেন, বাফুফেতে সবাই ফুটবল সেভাবে বোঝেনই না!

এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া সফরে নারী দল

স্পোর্টস রিপোর্টার

এএফসি নারী এশিয়ান কাপে এর আগে কখনো খেলেনি বাংলাদেশ। এবারই প্রথম এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন দেশের নারী ফুটবলাররা। নতুন এই মিশনকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ২টায় ঢাকা ছাড়ার কথা দেশের মেয়েদের। দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। সেখানে এ ইংলিশ কোচ বিস্ফোরক সব মন্তব্য করেছেন। বাটলারের কথায় ফুটে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দলের ভেতরের অস্থিরতা ও প্রস্তুতির খারাপ অবস্থা।

এএফসি এশিয়ান কাপের মতো বড় এক মিশনে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দলে রয়েছে প্রস্তুতিতে বড় ঘাটতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরের অব্যবস্থাপনা নিয়ে নিজের মনে পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিয়েছেন বাটলার। সরাসরি বাফুফের কর্তাব্যক্তিদের ফুটবল জ্ঞান নিয়েই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের যে ধরনের পেশাদারিত্ব থাকা প্রয়োজন, সেটা বাটলারের চোখেই পড়েনি। বাটলারের ভাষায়, ‘হয়তো এই বাফুফেতে সবাই ফুটবল সেভাবে বোঝেনই না। জীবনে যেমন হয়, ফুটবলও তেমন। অনেক সময় আপনি জয় আর ফলাফল দিয়ে ফাটলগুলো কাগজ দিয়ে ঢেকে রাখেন। কিন্তু বিষয়টা শুধু প্রথম ১০ মিনিটে ২ গোল করা, তার পরের ২০ মিনিটে আবার ২ গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টা হলো, এমন পারফরম্যান্স গড়ে তোলা, যেখানে বিশ্বাসযোগ্য, মানসম্মত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায়।’

নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ দেশের নারী ফুটবলারদের প্রথম ১০ মিনিটেই প্রথম গোল, পরের ১০ মিনিটে দ্বিতীয় গোল করতে বলেছিলেন। এতে চাপ নিয়ে খেলে মেয়েরা। সেই চাপের চোটেই দল ৪ গোল হজম করে চরম ব্যর্থতার গল্প লেখে। দলীয় সূত্রের দাবি অন্তত এমনটাই।

বাটলার সংবাদ সম্মেলন শুরুই করেন তার মায়ের একটি প্রবাদ দিয়ে, ‘আমার মা বলতেন, যত কম কথা, তত কম ঝামেলা। কিন্তু মাঝেমধ্যে সত্যটা বলতেই হয়। আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে। আমি কাউকে আঙুল দিয়ে দোষারোপ করছি না, তবে আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগেনি।’

বাফুফে কর্তাদের গণমাধ্যমে মিথ্যাচার না করার পরামর্শও দিয়েছেন বাটলার, ‘আমি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড ও মালয়েশিয়ায় কাজ করেছি। আমি কারো হাতের পুতুল নই। যখন সবকিছু গোলমেলে হয়ে যায়, তখন সবাই বলে এটা বাটলারের দোষ বা বাটলারের পরিকল্পনা। আমি এই দলের জন্য দায়বদ্ধ হতে রাজি, কিন্তু তার আগে লোকদের মিডিয়ার কাছে গিয়ে মিথ্যা বলা বন্ধ করতে হবে।’

সামনে এত বড় একটা টুর্নামেন্ট। কিন্তু ডিসেম্বরের পর কোনো প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পাননি মেয়েরা। কোচ এর দায় সরাসরি দিয়েছেন বাফুফেকে। জাতীয় দলের প্রস্তুতির চেয়ে ঘরোয়া লিগকে বেশি অগ্রাধিকার দিয়েছে কর্মকর্তারা। ১৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ থাকলেও লিগের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। ১০ ও ১৩ ফেব্রুয়ারি দুটি লিগ ম্যাচ খেলেছে মেয়েরা। এ কারণে মাত্র কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচ খেলা অসম্ভব হয়ে পড়ে। একই সমস্যা দেখা দেয়, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তাবিত ম্যাচের বেলায়ও। এ নিয়েও রাগ উগড়ে দিতে ভোলেননি বাটলার, ‘আমি বাস্তব জগতে বাস করি, রূপকথার রাজ্যে নয়। প্রস্তুতির চেয়ে লিগ বেশি অগ্রাধিকার পেয়েছে, যা আদর্শ মানের হয়নি।’ তিনি যোগ করেন, ‘আমি রিঅ্যাকটিভ হওয়ার চেয়ে প্রোঅ্যাকটিভ হওয়া পছন্দ করি।’

সংবাদ সম্মেলনে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ প্রস্তুতির ঘাটতির বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘প্রস্তুতিটা আরো ভালো হতে পারত। আমি হতাশ বলব না, তবে বাইরে পাঠিয়ে ট্রেনিং বা আরো প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারলে তুষ্টিটা আরেকটু বাড়ত।’

অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে বাংলাদেশ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। ৩ মার্চ সিডনিতে বাংলাদেশ লড়বে চীনের বিপক্ষে। ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। ৯ মার্চ উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে পার্থে।

নারী এশিয়ান কাপ

বাংলাদেশের সূচি

তারিখ সময় প্রতিপক্ষ ভেন্যু

৩ মার্চ বিকাল ৪টা চীন ওয়েস্টার্ন সিডনি

৬ মার্চ সকাল ১০টা উত্তর কোরিয়া ওয়েস্টার্ন সিডনি

৯ মার্চ বিকাল ৩টা উজবেকিস্তান পার্থ

শেষ মুহূর্তের ধাক্কা, জয় হাতছাড়া আর্সেনালের

৩০ বছরের অপেক্ষার অবসান, নরওয়ের ক্লাবের দারুণ চমক

বেনফিকায় রিয়ালের মধুর প্রতিশোধ, জয়ের হাসি পিএসজিতেও

কঠিন পরীক্ষায় ইন্টার মিলান

ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার দুঃস্বপ্নের হার

কোচ পাবলোর চোখে নেইমার এখনো বিশ্বমানের

ফের লড়াইয়ে বেনফিকা-রিয়াল

এশিয়ান কাপে দারুণ কিছুর আশায় বাটলার

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

গোলে রঙিন রোনালদোর ফেরা