হোম > খেলা > ফুটবল

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে বুধবার উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। তবে দল রওনা দেওয়ার ঠিক আগের দিনই দেশের ফুটবলাঙ্গনে মঞ্চায়িত হলো এক প্রস্থ নাটক। নাটক বললেও হয়তো ভুল হবে। একে বলা যেতে পারে মহানাটক। যার মধ্যমণি বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। এই বিতর্কিত ইংলিশ কোচকে চাকরিচ্যুত করাকে কেন্দ্র করে দেখা দিয়েছে ধোঁয়াশা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র নিশ্চিত করেছে, জোন্সকে বরখাস্ত করা হয়েছে। তার অনুপস্থিতিতে এখন বয়সভিত্তিক দলটির দায়িত্ব সামলাবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

বাফুফের সূত্রটি জানিয়েছে জেরার্ড জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় প্রধান কোচকে ছাড়াই এক প্রকার অনিশ্চয়তা ও পরিবর্তিত পরিস্থিতিতে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান পাড়ি দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। যদিও ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আবার অনেকে বলছেন, আপাতত জোন্স কোচ হিসেবে থেকে যাচ্ছেন। কিন্তু যাকে নিয়ে এত ঝামেলা তাকে রেখে লাভ কী? এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন দেশের ফুটবল বিশ্লেষকরা।

কোচ জোন্সের চুক্তি বাতিল নিয়ে আমার দেশকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। হতে পারে। হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’

তবে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বরখাস্তের খবরটি নাকচ করেছেন এই ইংলিশ কোচ। জোন্স জানিয়েছেন, বরখাস্ত করার বিষয়ে বাফুফে তাকে কিছুই জানায়নি। ভিডিওতে জোন্স বলেন, ‘ফেডারেশন থেকে বরখাস্ত করার বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি। এই তথ্যগুলো কোথা থেকে আসছে, তা-ও আমি জানি না। কিন্তু প্রশ্ন হলো, এসব করে লাভ কী? কেন কেউ ভুল বা মিথ্যা খবর পোস্ট করে দলের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে?’

টুর্নামেন্টটি সামনে রেখে গতকাল বিকাল ৪টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনটি নির্ধারিত সময়ে হয়নি। পিছিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন আয়োজনের সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে। এতেই কোচ জোন্সের বরখাস্ত হওয়ার খবর নিয়ে শুরু হয়ে যায় জোর আলোচনা।

যশোরের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোন্স। এরপর ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ডাকেন পুলিশ। সর্বশেষ সোমবার ফেসবুক লাইভে এসে শারীরিক আক্রমণের শিকার হওয়া এবং মারাত্মক নিরাপত্তার অভাব নিয়ে বিস্ফোরক সব দাবি করেন এই ব্রিটিশ কোচ।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলা আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে উজবেকিস্তানে। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভারত, উজবেকিস্তান ও সিরিয়া।

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের প্রতিরোধ, যে কৌশলে কাটিয়ে উঠছে প্রতিটি ধাক্কা